মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৭৬
- নামাযের অধ্যায়
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭৬। হযরত আলী (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) তাঁহার বিতিরের শেষে বলিতেনঃ “হে খোদা! আমি আশ্রয় চাহিতেছি তোমার সন্তোষের নিকট তোমার অসন্তোষ হইতে, তোমার স্বস্তির নিকট তোমার অ-স্বস্তি ও শাস্তি হইতে; আমি তোমার নিকট আশ্রয় চাহিতেছি তোমা হইতে; আমি তোমার গুণগান করিতে অক্ষম যেরূপ তুমি তোমার গুণগান করিয়াছ। — আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي آخِرِ وَتْرِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ من سخطك وبمعافاتك من عُقُوبَتك وَأَعُوذ بك مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

সুবহানাল্লাহ্! এই দু'আটি কতই না সূক্ষ্মমর্ম সম্বলিত! দু'আর মূল কথা হচ্ছে এই আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর পাকড়াও আল্লাহর শাস্তি এবং তাঁর মহিমাময় সত্তার থেকে তিনি ছাড়া কোন আশ্রয় নেই। কাজেই তাঁর অনুগ্রহ সাহায্য এবং দয়ার্দ্র সত্তাই কেবল আশ্রয় দিতে পারে। হযরত আলী (রা) বর্ণিত হাদীসে শুধু এতটুকু কথা উল্লেখিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ তাঁর সালাতুল বিতরের শেষ রাক'আতে এই দু'আ পাঠ করতেন। এর মর্ম এত হতে পারে যে, নবী ﷺ তৃতীয় রাক'আতে কুনূত হিসেবে এই দু'আ পাঠ করতেন। কোন কোন বিশেষজ্ঞ আলিম এই অর্থ বুঝেছেন। আবার হাদীসের মর্ম এও হতে পারে যে, বিতর সালাতের শেষ বৈঠকের সালামের পূর্বে অথবা সালামের পরে এই দু'আ পাঠ করতেন। হাদীসের মর্ম এও হতে পারে যে, বিতরের শেষ সিজদায় নবী ﷺ এই দু'আ পাঠ করতেন। সহীহ্ মুসলিমে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, একদা তিনি রাসূলুল্লাহ ﷺ কে রাতের সালাতে এই দু'আ পাঠ করতে শোনেন। মোটকথা এ সব ব্যাখ্যাই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে আমলের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান