মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৭৪
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৭৪. হযরত সাঈদ ইবনুল মুসায়্যাব থেকে বর্ণিত, (একদিন) রাসূলুল্লাহ (ﷺ) হযরত উসমানের সাথে সাক্ষাত করলেন, আর তখন হযরত উসমান রাযি. অত্যন্ত শোকাহত অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর এ অবস্থা দেখে) বললেন, তোমার এ কি অবস্থা হে উসমান রাযি.। উসমান রাযি. উত্তরে বললেন, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোন। কারো উপর কি এমন বিপদ এসেছে, যা আমার উপর এসেছে। আপনার কন্যা যিনি আমার সাথে ছিলেন (অর্থাৎ, রুকাইয়্যা রাযিঃ) ইন্তিকাল করে গিয়েছেন। আল্লাহ তাঁর উপর রহম করুন। (এ আঘাতে) আমার কোমর ভেঙ্গে গিয়েছে এবং আপনার জামাতা হওয়ার যে সৌভাগ্য আমার অর্জিত ছিল, সেটা চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, হে উসমান রাযি.। তুমি এ কথাই বলছ? উসমান রাযি. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কসম খেয়ে ঐ কথাই বলছি, যা আগে নিবেদন করেছি। যখন তিনি উসমানের সাথে কথা বলছিলেন, তখন বললেন, হে উসমান রাযি.। ইনি হযরত জিবরাঈল। তিনি আল্লাহর নির্দেশে আমাকে হুকুম করেছেন যে, আমি যেন রুকাইয়্যার বোন উম্মে কুলসুমকে তোমার নিকট বিয়ে দিয়ে দেই, ঐ মহরের উপর এবং ঐ সামাজিক আচরণের উপর- যা রুকাইয়্যার জন্য নির্ধারিত ছিল। এরপর তিনি উম্মে কুলসুমকে হযরত উসমানের নিকট বিয়ে দিয়ে দিলেন। -ইবনে আসাকির
کتاب المناقب والفضائل
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَهُو مَغْمُوم لَهْفَانٌ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم : مَا شَأْنُكَ يَا عُثْمَانُ؟ قَال : بِأَبِي أَنْتَ يَا رَسُولُ اللَّه وَأُمِّي ! وَهَلْ دَخَلَ عَلَى أَحَدٍ مِنْ النَّاسِ مَا دَخَلَ عَلَيَّ ، تُوُفِّيَت بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي رَحِمَهَا اللَّه وَانْقَطَع الظَّهْرُ وَذَهَبَ الصِّهْرُ فِيمَا بَيْنِي وَبَيْنَك إلَى آخِرَ الْأَبَدِ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم : أَتَقُول ذَالِكَ يَا عُثْمَانُ ؟ قَالَ : إِيْ وَاَللَّهِ ! أَقُولُهُ يَا رَسُولُ اللَّهِ! فَبَيْنَمَا هُو يُحاوِرُه إِذْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُثْمَانَ : هَذَا جِبْرِيلُ يَا عُثْمَانُ! يَأْمُرُنِيْ عَنْ أَمْرِ اللَّهُ أَنْ أُزَوِّجَك أُخْتَهَا أُمِّ كُلْثُومٍ عَلَى مِثْل صِدَاقِهَا وَعَلَى مِثْل عِشْرَتَهَا فَزَوَّجَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إيَّاهَا . (رواه ابن عساكر)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের বিষয়বস্তুটি সম্পূর্ণ স্পষ্ট, কোন ব্যাখ্যার প্রয়োজন নেই। অন্যান্য একাধিক রিওয়ায়াত দ্বারা এর পোষকতা ও সমর্থনও পাওয়া যায়।

এ হাদীসের ব্যাপারে এ কথাটিও উল্লেখ করার মত যে, এর বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসায়্যাব একজন তাবেয়ী। তাই একথা স্পষ্ট যে, হাদীসটি তাঁর নিকট কোন সাহাবীর মাধ্যমে পৌঁছে থাকবে- যার বরাত তিনি উল্লেখ করেননি। এ ধরনের হাদীসকে মুহাদ্দিসদের পরিভাষায় 'মুরসাল' বলা হয়। কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়্যাব ঐসব বিশিষ্ট তাবেয়ীদের অন্তর্ভুক্ত, যাদের এ জাতীয় মুরসাল রিওয়ায়াত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। তাছাড়া আগেই বলা হয়েছে যে, অন্যান্য একাধিক রিওয়ায়াত দ্বারা এ হাদীসের বিষয়বস্তুর সমর্থন পাওয়া যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৭৪ | মুসলিম বাংলা