মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১৬
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১৬. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের মত দ্রুত ও অনর্গল কথা বলতেন না। তিনি এমনভাবে থেমে থেমে কথা বলতেন যে, কেউ যদি (তাঁর কথা ও শব্দমালা) গণনা করতে চাইত, তাহলে সহজেই গণনা করতে পারত। বুখারী, মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ কথা সুস্পষ্ট যে, শিক্ষাদান ও কাউকে বুঝানোর জন্য এটাই উত্তম যে, কথা থেমে থেমে এভাবে বলবে যে, শ্রোতারা সম্পূর্ণরূপে বুঝে নিতে পারে ও মস্তিষ্কে ধারণ করতে পারে। তিরমিযী শরীফে হযরত আয়েশা থেকেই এ বিষয়বস্তুর যে হাদীস বর্ণনা করা হয়েছে, এর শেষ দিকের শব্দমালা এই: كَانَ يَتَكَلَّمُ بِكَلَامٍ بَيْنَهُ فَصْلٌ يَحْفَظُهُ من جَلَسَ إِلَيْهِ অর্থাৎ, রাসূলুল্লাহ্ (ﷺ) এভাবে কথা বলতেন যে, তাঁর বাক্যগুলো পৃথক পৃথক হত। তাঁর নিকট যারা বসা থাকত, তারা এগুলো স্মৃতিতে সংরক্ষণ করে নিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান