মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১১৫
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১৫. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কারো সাথে মুসাফাহা করতেন, তখন নিজের হাত মুবারক তার হাত থেকে বের করে নিতেন না, যে পর্যন্ত ঐ ব্যক্তি নিজের হাত টেনে না নিত। তেমনিভাবে নিজের মুখ তার দিক থেকে ফিরিয়ে নিতেন না, যে পর্যন্ত সে ব্যক্তি নিজের মুখ তাঁর দিক থেকে ফিরিয়ে না নিত। আর তাঁকে কখনো এ অবস্থায় দেখা যায়নি যে, তিনি বরাবরে বসা অন্য কোন ব্যক্তির চেয়ে নিজে হাঁটু আগে বাড়িয়ে রেখেছেন। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَافَحَ الرَّجُلَ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُ يَدَهُ وَلَا يَصْرِفُ وَجْهَهُ عَنْ وَجْهِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَصْرِفُ وَجْهَهُ عَن وَجهه وَلم يُرَ مقدِّماً رُكْبَتَيْهِ بَين يَدي جليس لَهُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
একথা সুস্পষ্ট যে, হুযূর (ﷺ)-এর খেদমতে আগমনকারী ও তাঁর সাথে মুসাফাহাকারী লোকজন তাঁর প্রতি ঈমান আনয়নকারী তাঁর খাদেম ও জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরামই হতেন। তাদের সাথেও হুযুর (ﷺ)-এর সম্মান ও সমীহের এ আচরণ ছিল- যা তাঁর সার্বক্ষণিক খাদেম হযরত আনাস এ হাদীসে বর্ণনা করেছেন। আফসোস! আমাদের ন্যায় উম্মতীগণ এ জাতীয় উন্নত নৈতিকতা ও এ উসওয়ায়ে হাসানার অনুসরণ থেকে নিজেদেরকে কতটুকু বঞ্চিত করে নিয়েছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)