মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১২
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১২. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কাউকে নিজের হাতে প্রহার করেননি না কোন মহিলাকে, না কোন চাকরকে তবে জেহাদের ক্ষেত্র এর ব্যতিক্রম। আর কোন ব্যক্তির পক্ষ থেকে কোন কষ্টদায়ক আচরণ করা হলে তিনি এর প্রতিশোধ গ্রহণ করেননি। (বরং ব্যক্তিগত ব্যাপারে তিনি ক্ষমার আচরণই করতেন।) তবে যদি কারো পক্ষ থেকে কোন হারাম কাজে লিপ্ত হওয়ার ঘটনা ঘটত, তাহলে তিনি আল্লাহর জন্য (অর্থাৎ, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে) ঐ অপরাধীকে শাস্তি দিতেন (অথবা শাস্তি কার্যকর করার নির্দেশ দিতেন।) মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا ضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ، وَلَا امْرَأَةً، وَلَا خَادِمًا، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللهِ، وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ، فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ، إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উম্মুল মু'মিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি. এ হাদীসে দু'টি বিষয় বর্ণনা করেছেন। একটি এই যে, হুযুর (ﷺ) কখনো কারো ভুলের কারণে অথবা বেআদবীর কারণে রাগান্বিত হয়ে তাকে প্রহার করেননি। এমনকি কখনো কোন চাকর অথবা নারীর উপর হাত তুলেননি। অর্থাৎ, কোন খাদেম, গোলাম অথবা দাসীর পক্ষ থেকে কিংবা কোন স্ত্রীর পক্ষ থেকে যত বড় ভুলই হয়ে থাকুক না কেন, কখনো রাগের কারণে তাদের উপর হুযুর (ﷺ)-এর হাত উঠেনি। হ্যাঁ, আল্লাহর রাহে জেহাদের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্যই তাঁর কোন শত্রুর উপর তিনি হাত তুলেছেন। যেমন বদরের যুদ্ধে মক্কার মুশরিক সর্দার উবাই ইবনে খালফের উপর।
দ্বিতীয় বিষয়টি হযরত আয়েশা রাযি. এই বর্ণনা করেছেন যে, এমন কখনো হয়নি যে, কোন হতভাগা তাঁকে কষ্ট দিয়েছে অথবা তাঁর সাথে বেআদবী করেছে আর তিনি এর প্রতিশোধ নিয়েছেন। তিনি ব্যক্তিগত বিষয়ে সর্বদা ক্ষমা ও উদারতাই প্রদর্শন করছেন। হ্যাঁ, যদি কেউ কোন হারাম কাজ অথবা অপরাধে লিপ্ত হত, তাহলে তিনি তাকে শাস্তি দিতেন। কিন্তু এ শাস্তিও প্রবৃত্তির তাড়নায় অথবা ক্রোধবশত নয়; বরং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তাঁর হুকুম পালনের জন্য দেওয়া হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১১২ | মুসলিম বাংলা