মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১১. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)কে বলা হল, আপনি মুশরিক ও কাফেরদের উপর বদদু‘আ করুন। তিনি উত্তরে বললেন, আমি অভিশাপ ও বদদু‘আকারী হিসাবে প্রেরিত হইনি; বরং আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। -মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ عَلَى الْمُشْرِكِينَ قَالَ: «إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কাফের ও মুশরিকগণ তাঁর এবং তাঁর আনীত সত্য দ্বীনের চরম শত্রু ছিল। স্বয়ং তাঁকে এবং তাঁর প্রতি ঈমান আনয়নকারীদেরকে তারা বিভিন্ন রকম কষ্ট দিত। এমনকি হুযুর (ﷺ)-কে আপন প্রিয় ও পবিত্র মাতৃভূমি ছাড়তে হয়েছিল। এরপরও তাদের দুষ্টামীর ধারা অব্যাহত থাকল। এক সময় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হল যে, এসব জালেম ও পাপিষ্ঠদের বিরুদ্ধে আপনি বদদু‘আ করুন, যেন আল্লাহ্ তাদের উপর নিজের ক্রোধ ও আযাব নাযিল করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন- যেমন পূর্ববর্তী অনেক উম্মতের এমন জালেম ও কাফেরদের উপর আযাব নাযিল হয়েছে এবং পৃথিবীকে তাদের অস্তিত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। হুযুর (ﷺ) এ আব্দারের উত্তরে বললেন যে, আল্লাহ তা'আলা আমাকে এ জন্য প্রেরণ করেননি যে, আমি অভিশাপ ও বদদু‘আ দিব, আমাকে তো সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ্ তা'আলা তাঁর পবিত্র কিতাবে এরশাদ করেছেন: وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান