মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১১০
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১০. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফজরের নামায থেকে ফারেগ হতেন, তখন মদীনার বাসা বাড়ীর কাজের লোকেরা নিজ নিজ পাত্র নিয়ে আসত, যার মধ্যে পানি থাকত। (যাতে তিনি বরকতের জন্য অথবা রোগমুক্তি ইত্যাদির জন্য এ পানিতে নিজের হাত চুবিয়ে দেন।) তিনি তখন প্রতিটি পাত্রেই নিজের হাত ঢুকিয়ে দিতেন। অনেক সময় এমনও হত যে, (প্রচণ্ড শীতের মৌসুমে) ঠাণ্ডা প্রভাতে (পাত্রে অত্যন্ত ঠাণ্ডা পানি নিয়ে তাঁর কাছে এসে যেত, আর তিনি এর মধ্যেও নিজের হাত দিতেন। -মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْغَدَاةَ جَاءَ خَدَمُ الْمَدِينَةِ بِآنِيَتِهِمْ فِيهَا الْمَاءُ، فَمَا يُؤْتَى بِإِنَاءٍ إِلَّا غَمَسَ يَدَهُ فِيهَا، فَرُبَّمَا جَاءُوهُ فِي الْغَدَاةِ الْبَارِدَةِ، فَيَغْمِسُ يَدَهُ فِيهَا» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
মদীনা শরীফে শীতের বিশেষ মৌসুমে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে এবং পাত্রে রাখা পানি বরফের ন্যায় ঠাণ্ডা হয়ে যায়। এ হাদীস থেকে জানা গেল যে, হুযুর (ﷺ) পানি আনয়নকারীর মন রক্ষার জন্য এবং এ কাজটিকে আল্লাহর বান্দাদের খেদমত মনে করে এই বরফের ন্যায় ঠাণ্ডা পানিতেও হাত দেওয়ার কষ্ট স্বীকার করতেন। হযরত আনাস রাযি.-এর এ বর্ণনা দ্বারা একথাও বুঝা যায় যে, এমন ছিল না যে, কেউ কখনো ঘটনাক্রমে পাত্রে পানি নিয়ে আসত আর তিনি এতে হাত চুবিয়ে দিতেন; বরং এটা যেন প্রতিদিনের অভ্যাস ছিল। যদি আল্লাহর কোন নেক বান্দার সাথে এমন ব্যবহার করা হয়, তাহলে এ হাদীসটি এর ভিত্তিমূল হতে পারে। তবে শর্ত এই যে, আকীদার মধ্যে কোন গণ্ডগোল ও বাড়াবাড়ি থাকতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)