মা'আরিফুল হাদীস
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হাদীস নং: ৯০
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত ঈসা (আ)-এর অবতরণ
৯০. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারয়াম অবতরণ করবেন। এবং তোমাদের মধ্যে তোমাদের ইমাম হবেন। (সহীহ্ বুখারী, সহীহ মুসলিম)
کتاب علاماتِ قیامت
عَنِ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই বাণীর প্রকাশ্য অর্থ এই যে, তখন অবস্থা খুবই অস্বাভাবিক হবে। যে রূপ উপরোক্ত হাদীস ও এতদ বিষয়ক অন্যান্য হাদীস থেকে জানা যায়। হাদীসের শেষ অংশ وَأِمَامِكُمْ مِنْكُمْ এর প্রকাশ্য অর্থ এই যে, তখন ঈসা ইবনে মারয়াম-এর মর্যাদা এই হবে যে, (পূর্ববর্তী যুগের এক নবী ও রাসূল হওয়া সত্ত্বেও) তোমাদের মধ্যে অর্থাৎ তোমরা তথা মুসলমানদের দলের এক সদস্যরূপে এক ইমাম ও শাসক হবেন। এ হাদীসেরই সহীহ্ মুসলিমের এক বর্ণনায় وَأِمَامِكُمْ مِنْكُمْ এর স্থলে فَامَّكُمْ مِنْكُمْ রয়েছে। এর এক বর্ণনাকারী ইবনে আবী যি’ব- এর ব্যাখ্যা এ শব্দাবলিতে করেছেন فَأَمَّكُمْ بِكِتَابِ رَبِّكُمْ عَزَّوَجَل وَسُنَّةِ نَبِيّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - অর্থাৎ ঈসা ইবনে মারয়াম অবতরণের পর মুসলমানদের ইমাম ও শাসক হবেন। আর সেই ইমামত ও রাষ্ট্র পরিচালনা কুরআন মজীদ ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত শরী'আত মুতাবিক করবেন। এ ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য হাদীসে ঈসা (আ)-এর ইমামত দ্বারা উদ্দেশ্য কেবল নামাযের ইমামত নয়, বরং উদ্দেশ্য সাধারণ ইমামত। অর্থাৎ উম্মতের দীনী ও পার্থিব নেতৃত্ব ও প্রশাসনিক মর্যাদা। তখন যেন তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিনিধি ও খলীফা হবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)