মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৭৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ধন-সম্পদ বিষয়ক পবিত্রতা ও গুরুত্ব
৩৭৪. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন, কিয়ামতের দিন (যখন হিসাবের জন্য আল্লাহর সমীপে উপস্থিত হবেন তখন) মানুষের পা স্বীয় স্থান হতে নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১. তার জীবন সম্বন্ধে কিসে ইহা অতিবাহিত হয়েছে, ২. তার যৌবন সম্বন্ধে, কিসে ইহা ব্যয় হয়েছে, ৩. তার মাল সম্বন্ধে, কোথা হতে তা উপার্জন করেছে, ৪. কোথায় ইহা ব্যয় করেছে, ৫. যা জেনেছে সে বিষয়ে সে কি আমল করেছে? (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ، عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلاَهُ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ، وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, কিয়ামতে হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তিকে নিজের আয়-ব্যয়ের হিসাবও দিতে হবে। কি পরিমাণ সম্পদ উপার্জন করেছে? হালাল পথে উপার্জন করেছে নাকি হারাম পথে? এরপর উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় করেছে, বৈধ খাতে না অবৈধ খাতে? মোট কথা এ দুনিয়ায় এ জীবনে আমরা যা কিছু উপার্জন করি ও ব্যয় করি আখিরাতে এর পরিপূর্ণ হিসাব দিতে হবে। সেই বান্দাগণ কত সৌভাগ্যবান যারা কিয়ামতের দিনের হিসাব প্রদানকে লক্ষ্য রেখে উপার্জন ও ব্যয়ে তথা সর্বপ্রকার আর্থিক লেন-দেন আল্লাহ তা'আলার আদেশাবলী ও রাসূলুল্লাহ ﷺ-এর শরীয়তের অনুসরণ করে থাকে। আর তাদের পরিণতি অতিশয় বিপদসংকুল যারা এ বিষয়ে উদাসীন ও বেপরোওয়া।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান