মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৫৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খানার ব্যাপারে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বান্দাসুলভ রীতি
২৫৩. হযরত কাতাদা সূত্রে হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) কখনো খোয়ানে (ডাইনিং টেবিলে) খানা খাননি, ছোট তশতরী ও পেয়ালায়ও খাননি, আর তাঁর জন্য কখনো চাপাতিও পাকানো হয়নি। কাতাদাকে জিজ্ঞাসা করা হল, তাহলে তিনি ও সাহাবায়ে কেরাম কিসের উপর খানা খেতেন? তিনি উত্তর দিলেন, দস্তরখানের উপর। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ، قَالَ: «مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ، وَلاَ فِي سُكْرُجَةٍ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ» قُلْتُ لِقَتَادَةَ: عَلَى مَا يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

খোয়ান এক প্রকার চৌকি অথবা নীচু ধরনের টেবিল, যা খাবারের জন্য ব্যবহার করা হত। বিলাস প্রিয় মানুষ এর উপরই খানা খেত এবং নীচে ফরশের উপর দস্তরখান বিছিয়ে খাওয়াকে বড়ত্ব ও মর্যাদার পরিপন্থী মনে করা হত। অনুরূপভাবে দস্তরখানে ছোট ছোট তশতরী ও পেয়ালাও থাকত। স্বয়ং সাহাবায়ে কেরামের শেষ যুগে মুসলমানদের ঘরেও এসব জিনিসের ব্যাপক প্রচলন হয়ে গিয়েছিল।
হযরত আনাস রাযি.-এর এ হাদীসের মর্ম ও দাবীও কেবল এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর খাওয়ার মধ্যে খুবই অনাড়ম্বরতা ও দাসত্বের ছাপ ফুটে উঠত। তিনি কখনো টেবিলে খানা খাননি, ছোট তশতরী ও পেয়ালায়ও খানা খাননি এবং কখনো তাঁর জন্য বিশেষভাবে চাপাতিও তৈরী করা হয়নি। এই মা'আরিফুল হাদীস সিরিজের দ্বিতীয় খণ্ড 'কিতাবুর রিকাকে' ঐসব হাদীস অতিক্রান্ত হয়েছে, যেগুলোতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবন কেমন আড়ম্বরহীন, সাদা-সিধা ও গরীবানা ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান