মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৫২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খানার ব্যাপারে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বান্দাসুলভ রীতি
২৫২. হযরত আবূ জুহাইফা রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আমি হেলান দিয়ে বসে খানা খাই না। বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا آكُلُ مُتَّكِئًا» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হেলান দিয়ে অথবা বিনা প্রয়োজনে কোন জিনিসের আশ্রয় নিয়ে খাবারের জন্য বসা অহংকারীদের রীতি। হাদীসটির মর্ম এই যে, আমি অহংকারীদের মত বালিশ ইত্যাদিতে হেলান দিয়ে খানা খাই না এবং এটা পছন্দ করি না। আমি আল্লাহর বান্দা এবং খানাও এভাবেই খাই, যেভাবে একজন বান্দা ও গোলামের খাওয়া উচিত।

'কানযুল উম্মালে' মুসনাদে আবূ ইয়ালা ও ইবনে সাদের বরাতে হযরত আয়েশা রাযি.-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি হাদীস নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করা হয়েছে: آكل كما يأكل العبد، وأجلس كما يجلس العبد অর্থাৎ, আমি এক বান্দা ও গোলামের মত খাই এবং বান্দা ও গোলামের মত বসি।
প্রায় এ বিষয়বস্তুটিই অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে। এসব হাদীস ও বর্ণনার মূল কথা ও দাবী এটাই যে, রাসূলুল্লাহ (ﷺ) খাওয়ার জন্য একজন বিনয়ী বান্দার মত বসতেন, অহংকারীদের মত বসতেন না। এটাই ছিল তাঁর শিক্ষা। আর যে বান্দা খাওয়ার সময় এ বাস্তবতা থেকে গাফেল হবে না যে, খানা আল্লাহ্ তা'আলার নেয়ামত ও তাঁর দান, আমার দয়াময় প্রতিপালক হাযির ও নাযির অর্থাৎ, আমাকে দেখছেন এবং আমি তাঁর সামনে ও তাঁর দৃষ্টিতে রয়েছি, সে কখনো অহংকারীদের মত বসবে না এবং অহংকারীদের মত খাবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান