মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৫১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
নিজের সম্মানের জন্য আল্লাহর বান্দাদের দাঁড়িয়ে যাওয়া যার ভালো লাগে সে জাহান্নামী
১৫১. হযরত মু'আবিয়া রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির এটা ভালো লাগে যে, মানুষ তার জন্য দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয়। -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ مُعَاوِيَةُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ. (رواه ابوداؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
একথা স্পষ্ট যে, এই সতর্কবাণীর সম্পর্ক ঐ অবস্থার সাথে, যখন কোন মানুষ নিজে এই কামনা করে এবং এতে আনন্দিত হয় যে, আল্লাহর বান্দারা তার সম্মানের জন্য দাঁড়িয়ে যাক। এটা অহংকারের লক্ষণ, আর অহংকারীদের স্থান হচ্ছে জাহান্নাম যার ব্যাপারে বলা হয়েছে: فَلَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡن অহংকারীদের স্থান কতইনা নিকৃষ্ট। তবে যদি কোন মানুষ নিজে মোটেই না চায়; কিন্তু অন্যরা ভক্তি-ভালোবাসার আবেগে তার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন কথা- অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এটাও পছন্দ করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)