মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৫৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ এরূপ দু'আ করতেন:

اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الشِّقَاقِ وَالنِّفَاقِ وَسُوءِ الْأَخْلَاقِ

“হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিচ্ছেদকারী মনোমালিন্য থেকে, কপটচারিতা থেকে এবং অসচ্চরিত্রতা থেকে।"
-(সুনানে আবূ দাউদ ও সুনানে নাসায়ী)।
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ» (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

সর্বপ্রথম এ দু'আতে যে বস্তু থেকে আল্লাহর পানাহ চাওয়া হয়েছে তা হচ্ছে شقاق (শিকাক) অর্থাৎ সে কঠিন মনোমালিন্য, যার প্রেক্ষিতে প্রতিপক্ষের সাথে এমন চরম বিরোধ ও ছাড়াছাড়ি হয়ে যায় এবং দু'পক্ষের পথ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়ে যায়।

نفاق (নিফাক)-এর অর্থ হচ্ছে যাহির ও বাতিনের বিরোধ। বিশ্বাসগত নিফাক বা কপটচারিতা ছাড়াও এটা দৈনন্দিন জীবনের সমস্ত মুনাফেকী আচরণের ব্যাপারেও প্রযোজ্য।

এ দু'আয় যে তিনটি মন্দ বস্তু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে অর্থাৎ বিচ্ছেদকারী মনোমালিন্য, মুনাফেকী স্বভাব এবং অসচ্চরিত্রতা-এ তিনটি বদখাসলত মানুষের দীন বরং তার দুনিয়াও বরবাদ করে দেয়। রাসূলুল্লাহ ﷺ নিজে মা'সূম বা পাপমুক্ত এবং মাহফুয (আল্লাহ যাঁকে গুনাহ থেকে হিফাযত করে রেখেছেন) হওয়া সত্ত্বেও এ বদখাসলতগুলো এতই মারাত্মক যে, তিনিও এগুলোর ধ্বংসাত্মক পরিণতি থেকে আল্লাহ তা'আলার দরবারে আশ্রয় প্রার্থনা করেছেন।
আল্লাহ তা'আলা আমাদেরকে এগুলো থেকে আত্মরক্ষার মু'মিনসুলভ চিন্তা-ভাবনা দান করুন এবং আমরা সর্বদাই যেন এসব বদখাসলত থেকে তাঁর আশ্রয় প্রার্থনা করি!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান