মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৪৮
আখলাক অধ্যায়
মুসলিম ভাইকে হেয় জ্ঞান করা মন্দ হওয়ার জন্য যথেষ্ট
১৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তাকে যুলম করে না, সাহায্যহীন ছেড়ে দেয় না এবং তাকে হেয় করে না। অতঃপর নবী ﷺ তিনবার তাঁর বুকের দিকে ইশারা করে বললেনঃ তাকওয়া এখানে। মুসলিম ভাইকে হেয় জ্ঞান করা এক ব্যক্তির মন্দ হওয়ার জন্য যথেষ্ট। এক মুসলমানের রক্ত মাল এবং ইযযত অপর মুসলমানের কাছে সম্মানিত। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا » وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ « بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يُّحَقِّرَ أَخَاهُ الْمُسْلِمَ ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ ، دَمُهُ ، وَمَالُهُ ، وَعِرْضُهُ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
মুসলমানদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হল দীন ইসলাম এবং তাকওয়া। আল্লাহর দীনের সূত্রে মুসলমানগণ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তাই এক মুসলমান অপর মুসলমানকে কখনো যুলম করতে পারে না এবং তার আবরু-ইযযতের উপর হামলা করতে পারে না, বরং অন্য কোন ব্যক্তি তাকে যুলম করলে বা তার আবরু-ইযযতের উপর আক্রমণ করলে মুসলিম ভাইয়ের কর্তব্য হল তার সাহায্যের জন্য অগ্রসর হওয়া। যে ব্যক্তি বিপদকালে মুসলিম ভাইকে সাহায্য করে না, সে মারাত্মক অন্যায় করে, ঈমানী যিম্মাদারী পালনে গাফিলতী করে এবং মুসলমান সমাজের অপুরণীয় ক্ষতি সাধন করে। এক মুসলমানের রক্ত, মাল এবং ইযযত অপর মুসলমানের কাছে নিজের রক্ত, মাল এবং ইযযতের অনুরূপ সম্মানিত। তাই যেরূপ নিজের জীবন, সম্পদ এবং ইযযত রক্ষা করার জন্য চেষ্টা করা হয়, ঠিক সেরূপ মুসলিম ভাইয়ের জীবন, সম্পদ এবং ইযযতের হিফাযতের জন্য চেষ্টা করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)