মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে তাদের পুরস্কার এবং আল্লাহ্ তাদের জন্য বিরাট প্রতিদান ও চিরস্থায়ী নিয়ামত তৈরী করে রেখেছেন
৩৩. আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মানুষ শুন, বুঝ এবং জেনে রাখো, আল্লাহর কিছু বান্দা আছে, যারা আম্বীয়ায়ে কেরাম ও শহীদদের সমতুল্য নয়, তবে নবীগণ ও শহীদগণ তাদের বৈঠকে বসা ও তাদের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর নিকট ঈর্ষা প্রকাশ করবে। তখন অনেক দূর থেকে একজন অপরিচিত ব্যক্তি আসলেন এবং নবী করিম (ﷺ)-এর দিকে হাত দিয়ে ইংগিত করে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কিছু লোক আম্বীয়াগণ ও শহীদগণের সমতুল্য নয়। অথচ আম্বীয়াগণ ও শহীদগণ তাদের বৈঠকে বসা ও তাদের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর নিকট ঈর্ষা প্রকাশ করবে, সুতরাং আপনি আমাদের নিকট তাদের গুণাবলী বর্ণনা করুন। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য বর্ণনা করুন। বেদুঈনের এ প্রশ্নে রাসূল (ﷺ)-এর চেহারায় আনন্দ ফুটে উঠলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারা পরস্পর অপরিচিত ও আগন্তুক মানুষ, তাদের মাঝে আত্মীয়তা ও বৈবাহিক সূত্রের কোন সম্পর্ক নেই, আর তারা দ্বীনের সম্পর্ক ছাড়া অন্য কোন কারণে একত্রিত হয় না। তারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পর পরস্পরকে ভালবাসে ও মিলিত হয়। আল্লাহ কিয়ামতের দিন তাদের বসার জন্য দূরের মিম্বর প্রস্তুত রাখবেন এবং তার উপর তাদেরকে বসাবেন। সেদিন তাদের চেহারা ও পোশাক জ্যোতির্ময় হবে। কিয়ামতের দিন মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়বে, তখন তারা আতঙ্কিত হবে না, বস্তুত তারা আল্লাহ তা'আলার বন্ধু, যাদের কোন ভয় ও চিন্তা নেই।
كتاب المحبة والصحبة
باب ثواب المتحابين في الله وما اعده الله لهم من الأجر العظيم والنعيم المقيم
عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس اسمعوا واعقلوا واعلموا أن لله عز وجل عبادا ليسوا بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء على مجالسهم وقربهم من الله فجاء رجل من الاعراب من قاصية الناس وألوى بيده إلى نبي الله صلى الله عليه وسلم فقال يا نبي الله ناس ليسوا بانبياء ولا شهدا يغبطهم الأنبياء والشهداء على مجالسهم وقربهم من الله انعتهم لنا يعني صفهم لنا فسر وجه رسول الله صلى الله عليه وسلم لسؤال الأعرابي فقال رسول الله صلى الله عليه وسلم هم ناس من أفناء الناس ونوازع القبائل لم تصل بينهم أرحام متقاربة تحابوا في الله وتصافوا يضع الله لهم يوم القيامة منابر من نور فيجلسهم عليها فيجعل وجوههم نورا وثيابهم نورا يفزع الناس يوم القيامة ولا يفزعون وهم أولياء الله تعالى الذين لا خوف عليهم ولا هم يحزنون

হাদীসের ব্যাখ্যা:

আত্মীয়তার কারণে বা বৈষয়িক লেনদেনের জন্য পরস্পর ভালবাসা সৃষ্টি হতে পারে। আত্মীয়-স্বজনকে মহব্বত করা, আত্মীয়-স্বজনের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের অভাব-অভিযোগ দূর করা মু'মিনদের ঈমানী কর্তব্য এবং খুব সওয়াবের কাজ। কিন্তু শুধু দীনের খাতিরে বা দীনের রিশতার জন্য পরস্পর মহব্বত করা, একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা, দীনী ভাইয়ের সমস্যা সমাধান করা, দীনী ভাইকে বিপদ থেকে রক্ষা করা এবং দীনী ভাইয়ের আবরু ও ইযযতের হিফাযত করা আল্লাহর নিকট খুবই সম্মানিত ও প্রিয় কাজ। তিনি এ ধরনের আল্লাহ-প্রেমিকদেরকে তাঁর ভালবাসার বুলন্দ মাকামে উন্নীত করবেন এবং কিয়ামতে তাদের নিঃস্বার্থ ভালবাসার জন্য তাদেরকে এমন ইনাম এবং নিয়ামত দান করবেন যে, সাধারণ মানুষ তার কল্পনাও করতে পারবে না। আল্লাহর বিশেষ ও মাহবুব বান্দাগণ, যথা আম্বিয়া ও শুহাদাও তাদের বুলন্দ মর্যাদা ঈর্ষার চোখে দেখবেন। এ হাদীস থেকে কেউ যেন এরূপ মনে না করেন যে, আম্বিয়া ও শহীদদের চেয়ে তাদের মর্যাদা বেশি হবে, বরং সামগ্রিকভাবে আম্বিয়া ও শুহাদার মর্যাদা ও ফযীলত বেশি হবে। এখানে শুধু নিঃস্বার্থ ভালবাসার ফযীলত বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান