মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১১৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের নসিহত করার প্রতি উৎসাহ প্রদান
১১৬. আবূ মাস'উদ (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, পরামর্শদাতা নিরাপদ। শাযান আরো উল্লেখ করনে যে, উত্তম কাজের প্রতি নির্দেশ দাতা ঐ কাজটি সম্পাদনের ছাওয়াব পাবে।
كتاب البر والصلة
باب الترغيب في النصيحة للمسلمين
عن أبي مسعود رفعه وقال شاذان مرة (3) عن النبي صلى الله عليه وسلم قال المستشار مؤتمن (4) ذكر شاذان أيضا حديث الدال على الخير كفاعله
হাদীসের ব্যাখ্যা:
আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে মানুষকে পরামর্শদাতার সম্মানিত আসন দান করা হয়। যে ব্যক্তিকে পরামর্শদাতা হিসেবে নির্বাচিত বা গ্রহণ করা হয়, তার যিম্মাদারী অত্যাধিক। খুব সুচিন্তিতভাবে রায় দিতে হবে। রায়দানকালে নিজের লাভ-লোকসানের দিকে মোটেই খেয়াল করা উচিত হবে না। নিজের প্রভাব-প্রতিপত্তি বা মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলেও সত্য ও সঠিক পরামর্শ দিতে হবে। কোনরূপ বাহানা বা অজুহাতের দোহাই দিয়ে সঠিক রায় গোপন রাখা যাবে না। পরামর্শ গ্রহণকারীর বিষয়ের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা পরামর্শদাতার কর্তব্য। বিষয়ের গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করা অনুচিত। পরামর্শ গ্রহণকারী কর্তৃক প্রদত্ত তথ্য নিজের ফায়দার জন্য ব্যবহার করা অনুচিত। পরামর্শের নিয়ম-নীতি লংঘন করা এক ধরনের খিয়ানত। আল্লাহ খিয়ানতকারীকে অপসন্দ করেন এবং প্রত্যেক খিয়ানতকারী কিয়ামতের দিন কঠোর অবস্থার সম্মুখীন হবে। যে সব উকিল, ব্যারিস্টার এবং আইনজীবি নিজেদের মক্কেলের তথ্য অন্যের কাছে ফাঁস করেন বা তাদের উপর ভিত্তি করে নিজেদের ব্যবসা-বাণিজ্য স্থাপন করেন, তারা খুব অনুচিত কাজ করেন। এ ধরনের কাজ আমানতের খিয়ানত। অনুরূপভাবে জনগণের ব্যবসা-বাণিজ্যের গোপন সূত্র সংশ্লিষ্ট সরকারী কর্মচারীর পক্ষে ব্যবহার করা উচিত নয়। রাষ্ট্রের গোপন তথ্যকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করা কর্মচারীর জন্য সম্পূর্ণ অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)