মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে।"
১৮৩। আবু মায়সারা (রা) হতে বর্ণিত, তিনি উমার ইবন খাত্তাব (রা) হতে হাদীস বর্ণনা করেন, যখন মদ নিষিদ্ধ হওয়ার বিধান নাজিল হয় তখন উমর (রা) বললেন, হে আল্লাহ। আপনি আমাদেরকে মদের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিন। তখন সূরা বাকারার এ আয়াতখানা নাজিল হয়," লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষা অধিক।" বর্ণনাকারী বলেন, তখন উমার (রা) কে ডেকে তার সামনে এ আয়াতখানা তিলাওয়াত করা হলে তিনি বলেন, হে আল্লাহ আপনি আমাদেরকে মদের ব্যাপারে আরও সুস্পষ্ট নির্দেশনা দিন। তখন সূরা নিসার এ আয়াতখানা নাজিল হয়, "হে মু'মিনগণ। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার।" তখন রাসূলুল্লাহ (ﷺ) এর একজন আহবানকারী সালাত শুরু হলে ডেকে বলতেন নেশাগ্রস্ত কেউ সালাতের নিকটবর্তী যেন না হয়। উমর (রা) কে ডেকে এ আয়াতখানা শুনানো হলে তিনি বললেন, হে আল্লাহ। আপনি আমাদেরকে মদের ব্যাপারে আরও সুস্পষ্ট নির্দেশনা দিন। অতঃপর সূরা মায়িদার এ সম্পর্কিত আয়াতখানা নাজিল হলে উমর (রা) কে ডেকে তা পড়ে শুনানো হয়। তিনি যখন "শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?(১) পর্যন্ত পৌঁছলেন, তথা উমর (রা) বলেন, আমরা নিবৃত্ত হলাম, আমরা নিবৃত্ত হলাম।
(হাকিম, মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. আল কুরআন ৫: ৯১
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يسألونك عن الخمر والميسر الخ
عن أبي ميسرة عن عمر بن الخطاب رضي الله عنه قال لما نزل تحريم الخمر قال اللهم بين لنا في الخمر بيانا شافيا فنزلت هذه الآية التي في سورة البقرة (يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير) قال فدعى عمر فقرئت عليه فقال اللهم بين لنا في الخمر بيانا شافيا فنزلت الآية التي في سورة النساء (يا ايها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى) فكان منادي رسول الله صلى الله عليه وسلم إذا أقام الصلاة نادى أن لا يقربن الصلاة سكران فدعى عمر فقرئت عليه فقال اللهم بين لنا في الخمر بيانا شافيا فنزلت الآية التي في المائدة فدعى عمر فقرئت عليه فلما بلغ (فهل أنتم منتهون) قال فقال عمر انتهينا انتهينا
tahqiqতাহকীক:তাহকীক চলমান