মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৬৪
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাতে ও কপালে চুমু দেওয়া।
৬৪। আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক প্রেরিত এক অভিযানে অংশগ্রহণ করেছিলাম। (আক্রমণের প্রচণ্ডতায়) লোকেরা দূরে সরে পড়ল। আমিও সে সকল লোকের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা বললাম, এখন আমাদের কী করণীয়। আমরা তো যুদ্ধ হতে পালিয়েছি এবং আল্লাহর গযব অর্জন করে ফিরেছি। তারপর বললাম, যদি আমরা মদীনায় গিয়ে রাত যাপন করি, (তবে কেমন হবে?)। তারপর বললাম, যদি আমরা নিজেদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পেশ করি তবে এটা আমাদের জন্য তাওবা হবে। তা না হলে আমরা অন্যত্র চলে যাব। বর্ণনাকারী বলেন, তারপর আমরা ফজরের সালাতের পূর্বে তার নিকট এসে উপস্থিত হলাম। তিনি (ঘর হতে) বের হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? আমরা বললাম, আমরা যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী। তিনি বললেন, না তোমরা কৌশলবশত পিছনে এসে পুনরায় আক্রমণকারী দল। তিনি বললেন, আমি তোমাদের একজন, আমি মুসলমানের দলভুক্ত। বর্ণনাকারী বলেন, এরপর আমরা আগে বেড়ে তাঁর হাতে চুম্বন করলাম।
হাদীসটি 'জিহাদ' অধ্যায়ে বর্ণিত হয়েছে।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في تقبيل اليد والجبهة
عن عبد الله بن عمر قال كنت في سَريَّة من سرايا رسول الله صلى الله عليه وسلم فحاص الناس حيصة وكنت فيمن خاص فقلنا كيف نصنع وقد فررنا من الزحف وبؤنا بالغضب، ثم قلنا لو دخلنا المدينة فبتنا، ثم قلنا لو عرضنا أنفسنا على رسول الله صلى الله عليه وسلم كانت لنا توبة وإلا ذهبنا: فأتيناه قبل صلاة الغداة، فخرج فقال من القوم؟ فقلنا نحن الفرارون، قال بل أنتم العكارون، أنا فئتكم وأنا فئة المسلمين، قال فأتيناه حتى قبلنا يده
tahqiqতাহকীক:তাহকীক চলমান