মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৯৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
মদ পান করা হারাম হওয়া এবং এর পানকারীকে শরয়ী শাস্তি দেয়া সংক্রান্ত

পরিচ্ছেদ : মদ পান করা হারাম হওয়া, এর পানকারীকে লানত করা এবং সে তা পান করা থেকে তওবা না করলে তার আখিরাতের শরাব থেকে বঞ্চিত হওয়া সম্পর্কে বর্ণিত কিছু হাদীস।
২৯৯। হযরত ইবন 'আব্বাস (রা) থেকেই যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, জিবরাঈল (আ) আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তা'আলা মদ, যে ফল নিংড়ায়ে মদ বানায়, যে অন্যকে তা নিংড়ায়ে মদ বানাতে বলে, মদ পানকারী, বহনকারী, যার কাছে মদ বহন করে নেওয়া হয়, মদের বিক্রেতা, ক্রেতা, পরিবেশনকারী, যে পরিবেশন করতে বলে তাদের প্রত্যেককে লানত করেছেন।
(তাবারানী, আল মু'জামুল কাবীর; ইবন হিব্বান, হাকিম। হায়ছামী, মুনযিরী এবং হাকিম হাদীসটির সনদকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب تحريم الخمر وحد شاربها

باب بعض ما جاء فى تحريم الخمر ولعن شاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
وعنه أيضا (5) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أتانى جبريل فقال يا محمد إن الله عز وجل لعن الخمر وعاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وبائعها ومبتاعها وساقيها ومستقيها

হাদীসের ব্যাখ্যা:

লা'নত ও অভিসম্পাতের অর্থ হচ্ছে আল্লাহর রহমত ও তাঁর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত থাকার বদদু‘আ করা। এ হিসাবে হাদীসের মর্ম এই হল যে, যে ব্যক্তি মদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখে- চাই সে প্রস্তুতকারী হোক অথবা প্রস্তুতের নির্দেশ দানকারী, পানকারী অথবা পরিবেশনকারী, ক্রয়কারী হোক অথবা বিক্রয়কারী, কাউকে উপহার দানকারী হোক অথবা কারো কাছে বহনকারী- এদের সবার জন্য রাসূলুল্লাহ (ﷺ) বদদু‘আ করেছেন যে, এরা আল্লাহর, রহমত ও কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত থাকুক। প্রায় এ বিষয় বস্তুরই একটি হাদীস মুসনাদে আহমাদ ও আবু দাউদ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকেও বর্ণিত হয়েছে।

রাসূলুল্লাহ (ﷺ)-এর এ ধরনের বক্তব্য ও শিক্ষা সাহাবায়ে কেরামকে মদের ব্যাপারে কতটুকু কঠোর মনোভাবাপন্ন বানিয়ে দিয়েছিল, এর অনুমান নিম্নের এ একটি ঘটনা থেকে করা যেতে পারে। হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস রাযি.-এর আঙ্গুরের অনেক বাগান ছিল। একবার এগুলোতে প্রচুর ফল আসল। তখন এগুলোর দেখাশুনায় নিয়োজিত তাঁরই নিযুক্ত বিশ্বস্ত কর্মচারী ও তত্ত্বাবধায়ক লোকটি তাঁর কাছে পত্র লিখল যে, এ মওসুমে আঙ্গুরের ফলন প্রচুর হয়েছে। আমার আশংকা যে, সংরক্ষণের কোন ব্যবস্থা না করলে এগুলো বিনষ্ট হয়ে যাবে। তাই আপনি ভালো মনে করলে আমি এসব আঙ্গুর থেকে রস সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করতে পারি। হযরত সা'দ রাযি. এর উত্তরে পত্র লিখলেন: إذا جاءك كتابي هذا فاعتزل ضيعتي فوالله لا أئتمنك على شيء بعده أبدا অর্থাৎ, যখন তোমার নিকট আমার এ পত্র পৌঁছবে, তখন তুমি আমার বাগান থেকে পৃথক হয়ে যাও। কেননা, আমি এরপর কোন বিষয়ে তোমার উপর বিশ্বাস রাখতে পারি না। -নাসায়ী

যাহোক, হযরত সা'দ রাযি. এ বাগানরক্ষীকে কেবল এ কারণে পৃথক ও চাকুরী থেকে বরখাস্ত করে দিলেন যে, সে আঙ্গুর থেকে রস বের করে এটা সংরক্ষণ করার কথা চিন্তা করে ছিল, যার দ্বারা মদ তৈরী হতে পারত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান