আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫৩০
অধ্যায়ঃ রোযা
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫৩০. হযরত যায়দ ইবন আরকাম (রা) সূত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত যে তাঁকে আরাফার দিনের রোযা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, আরাফার রোযা-তুমি যে বছরটি অতিবাহিত করছ, এ বছরের ও এর পরের বছরের (গুনাহর) কাফ্ফারা হয়ে যায়।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে রিশদীন ইবন সা'দ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1530- وَعَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه سُئِلَ عَن صِيَام يَوْم عَرَفَة قَالَ يكفر السّنة الَّتِي أَنْت فِيهَا وَالسّنة الَّتِي بعْدهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة رشدين بن سعد

হাদীসের ব্যাখ্যা:

আরাফার দিনের রোযার এ ফযীলত ও উৎসাহ দান ঐসব হাজীদের জন্য নয়, যারা হজ্ব পালনের জন্য আরাফার ময়দানে সমবেত হয়ে থাকেন; বরং তাদের জন্য সেখানে রোযা না রাখা উত্তম।

শিক্ষাঃ কোন কোন মানুষ ঐসব হাদীসে সন্দেহ করতে শুরু করে, যেগুলোর মধ্যে কোন আমলের সওয়াব ও প্রতিদান তাদের ধারণার চাইতে খুববেশী ও অসাধারণ বর্ণনা করা হয়েছে। যেমন, এ হাদীসে আরাফার দিনের রোযা সম্পর্কে বলা হয়েছে, "এর বরকতে পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার আশা রয়েছে।" এ ধরনের সন্দেহের ভিত্তি হচ্ছে মহান দয়াময়ের দয়া ও অনুগ্রহের ব্যাপকতা ও বিস্তৃতি সম্পর্কে তাদের অজ্ঞতা। আল্লাহ তা'আলা পরম দয়াময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি যে দিনের যে আমলের যত মূল্য নির্ধারণ করতে চান, তাই করতে পারেন। বছরের একটি রাত লাইলাতুল কদরকে তিনি হাজার মাস অর্থাৎ, প্রায় ত্রিশ হাজার দিন ও রাতের চেয়ে উত্তম সাব্যস্ত করেছেন। এটা হচ্ছে তাঁর অপার অনুগ্রহ। সারকথা, হাদীস যদি সহীহ হয়, তাহলে এ ধরনের সংশয় মু'মিনের অন্তরে না আসা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান