আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫১৯
অধ্যায়ঃ রোযা
শাওয়াল মাসের ছয়টি রোযার প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৫১৯. হযরত সাওবান (রা) (রাসূলুল্লাহ ﷺ-এর আযাদকৃত দাস) রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: ঈদুল ফিতরের পর যে ব্যক্তি ছয়টি রোযা পালন করবে, সে পূর্ণ বছর রোযা পালনকারী হিসেবে গণ্য হবে। কেননা যে একটি পুণ্য করবে, তাকে দশগুণ বিনিময় দেয়া হবে।
(হাদীসাটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। নাসাঈও এটি নিম্নরূপ বর্ণনা করেছেনঃ
আল্লাহ্ একটি পুণ্যের বিনিময় দশগুণ করে দিয়েছেন। অতএব একমাসে দশমাস। আর ঈদুল ফিতরের পর ছয় দিন রোযা পালনে পূর্ণ বছরের রোযা হয়ে যায়।
ইবন খুযায়মা এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনা এবং নাসাঈর অপর একটি বর্ণনা নিম্নরূপ: রমযানের এক মাসের রোযা দশ মাসের রোযার সমান। আর (শাওয়ালের) ছয়দিনের রোযা দু'মাসের রোযার সমান। অতএব এতে পূর্ণ বৎসরের রোখা হয়ে গেল।
ইবন হিব্বানও এ হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে নিম্নরূপ বর্ণনা করেছেন: যে ব্যক্তি রমযানের রোযা রাখল এবং শাওয়ালেরও ছয়দিন রোযা পালন করল, সে যেন পূর্ণ বৎসর রোযা রাখল।
এ হাদীসটি আহমদ, বাযযার ও তাবারানী হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَوْم سِتّ من شَوَّال
1519- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ سِتَّة أَيَّام بعد الْفطر كَانَ تَمام السّنة {من جَاءَ بِالْحَسَنَة فَلهُ عشر أَمْثَالهَا} الْأَنْعَام 061
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَلَفظه جعل الله الْحَسَنَة بِعشر أَمْثَالهَا فشهر بِعشْرَة أشهر وَصِيَام سِتَّة أَيَّام بعد الْفطر تَمام السّنة
وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه وَهُوَ رِوَايَة النَّسَائِيّ قَالَ صِيَام شهر رَمَضَان بِعشْرَة أشهر وَصِيَام سِتَّة أَيَّام بشهرين فَذَلِك صِيَام السّنة
وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه من صَامَ رَمَضَان وستا من شَوَّال فقد صَامَ السّنة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ من حَدِيث جَابر بن عبد الله

হাদীসের ব্যাখ্যা:

রমযান মাস যদি ২৯ দিনেরও হয়, তবুও আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে ৩০ দিনেরই সওয়াব দিয়ে দেন। আর শাওয়ালের ছয়টি রোযা যোগ করলে রোযার সংখ্যা ৩৬ হয়ে যায়। এদিকে আল্লাহ্ তা'আলার অনুগ্রহমূলক বিধান (একে দশ) অনুযায়ী ৩৬ এর দশগুণ ৩৬০ হয়ে যায়, আর চাঁদের হিসাবে বছরের দিন সংখ্যা ৩৬০ থেকে কমই হয়ে থাকে।

অতএব, কোন ব্যক্তি যদি সারা রমযানে রোযা রাখার পর শাওয়ালে ৬টি নফল রোযা রাখে, তাহলে সে এ হিসাবে ৩৬০টি রোযার সওয়াবের অধিকারী হবে। তাই সওয়াব ও প্রতিদানের দিক দিয়ে এটা এমনই হল যে, যেমন কেউ সারা বছরই রোযা রাখল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান