আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১০
আন্তর্জাতিক নং: ১১৮০ - ১১৮১
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৪৮. যোহরের (ফরযের) পূর্বে দু’ রাকাআত নামায।
১১১০। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) থেকে আমি দশ রাকআত নামায আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। যোহরের আগে দু’রাকআত পরে দু’রাকআত, মাগরিবের পরে দু’রাকআত তাঁর ঘরে, ইশার পরে দু’রাকআত তাঁর ঘরে এবং দু’রাকআত সকালের (ফজরের) নামাযের আগে। ইবনে উমর (রাযিঃ) বলেন, আর এ সময়টি ছিল এমন, যখন নবী (ﷺ) এর খিদমতে (সাধারণত) কোন ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেয়া হত না। তবে উম্মুল মু’মিনিন হাফসা (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, যখন মুয়াযযিন আযান দিতেন এবং ফজর (সুবহে সাদিক) উদিত হত তখন নবী (ﷺ) দু’রাকআত নামায আদায় করতেন।
كتاب التهجّد
باب الرَّكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ
1180 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ [ص:59]: «حَفِظْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ» وَكَانَتْ سَاعَةً لاَ يُدْخَلُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا،
1181 - حَدَّثَتْنِي حَفْصَةُ: «أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ وَطَلَعَ الفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে যুহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাতের কথা উল্লেখ আছে। এ পর্যায়ের সমস্ত হাদীস সামনে রাখলে বুঝা যায় যে, অধিকাংশ সময় রাসূলুল্লাহ ﷺ যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন।

বলাবাহুল্য, উভয় প্রকার আমাল স্বয়ং রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত। কাজেই যা আমল করা হবে, তাতে সুন্নাত আদায় হয়ে যাবে। এই অধম (গ্রন্থকার) কোন কোন আলিমকে দেখেছে যে, তাঁরা বেশীর ভাগ সময়ে যহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। কিন্তু যখন তারা জামা'আতের সময় নিকট মনে করতেন তখন দুই রাক'আত সালাত আদায় করে নেওয়া যথেষ্ট মনে করতেন।

বিভিন্ন হাদীসে যে বার অথবা দশ রাক'আত সুন্নাতের কথা উল্লিখিত আছে রাসূলুল্লাহ ﷺ কার্যত তাতে যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি ঐগুলোর কোন কোন সালাতের প্রতি বিশেষভাবে তাকীদ দিয়েছেন। এ জন্য এই সালাত সমূহকে সুন্নাতে মু'আক্কাদা বলে গন্য করা হয়। এই সালাত সমূহের মধ্যে তিনি ফজরের সুন্নাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)