আত তাওবাহ্

সূরা নং: ৯, আয়াত নং: ৭৪

তাফসীর
یَحۡلِفُوۡنَ بِاللّٰہِ مَا قَالُوۡا ؕ وَلَقَدۡ قَالُوۡا کَلِمَۃَ الۡکُفۡرِ وَکَفَرُوۡا بَعۡدَ اِسۡلَامِہِمۡ وَہَمُّوۡا بِمَا لَمۡ یَنَالُوۡا ۚ وَمَا نَقَمُوۡۤا اِلَّاۤ اَنۡ اَغۡنٰہُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ مِنۡ فَضۡلِہٖ ۚ فَاِنۡ یَّتُوۡبُوۡا یَکُ خَیۡرًا لَّہُمۡ ۚ وَاِنۡ یَّتَوَلَّوۡا یُعَذِّبۡہُمُ اللّٰہُ عَذَابًا اَلِیۡمًا ۙ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَمَا لَہُمۡ فِی الۡاَرۡضِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ

উচ্চারণ

ইয়াহলিফূনা বিল্লা-হি মা-কা-লূ ওয়া লাকাদ কা-লূকালিমাতাল কুফরি ওয়া কাফারূ বা‘দা ইছলা-মিহিম ওয়া হাম্মূবিমা-লাম ইয়ানা-লূ ওয়া মা-নাকামূইল্লাআন আগনাহুমুল্লা-হু ওয়া রাছূলুহূমিন ফাদলিহী ফাইয়ঁইয়াতূবূইয়াকুখাইরাল্লাহুম ওয়াইয়ঁ ইয়াতাওয়াল্লাও ইউ‘আযযিবহুমুল্লা-হু ‘আযা-বান আলীমান ফিদদুনইয়া-ওয়াল আখিরাতি ওয়ামা-লাহুম ফিলআরদিমিওঁ ওয়ালিওয়িওঁ ওয়ালা-নাসীর।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা আল্লাহর কসম করে যে, তারা কিছু বলেনি। অথচ তারা কুফরী কথা বলেছে ৬৫ এবং তারা নিজেদের ইসলাম গ্রহণের পর কুফর অবলম্বন করেছে এবং ৬৬ তারা এমন কাজ করার ইচ্ছা করেছিল, যাতে তারা সফলতা লাভ করতে পারেনি। ৬৭ আল্লাহ ও তার রাসূল যে তাদেরকে নিজ অনুগ্রহে বিত্তবান করেছিলেন, তারা তারই বদলা দিয়েছে। ৬৮ এখন তারা তাওবা করলে তা তাদের পক্ষে মঙ্গল হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাময় শাস্তি দিবেন এবং ভূপৃষ্ঠে তাদের কোন অভিভাবক ও সাহায্যকারী থাকবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬৫. মুনাফিকদের একটা খাসলত ছিল যে, তারা তাদের নিজেদের বৈঠক ও মজলিসে ঠিকই কাফেরসুলভ কথাবার্তা বলত। কিন্তু এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হলে সাফ অস্বীকার করত এবং কসম করত যে, আমরা এমন কথা বলিনি। একবার মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলিমদের সম্পর্কে চরম ধৃষ্টতামূলক উক্তি করেছিল। এমনই কথা, যা উচ্চারণ করাও কঠিন। সেই সঙ্গে এটাও বলেছিল যে, আমরা যখন মদীনায় পৌঁছব, তখন আমাদের মধ্যকার সম্মানী ও শক্তিশালী লোকেরা নিম্ন শ্রেণীর লোকদেরকে মদীনা থেকে বের করে দেবে। খোদ কুরআন মাজীদেও তার এ কথা উদ্ধৃত হয়েছে (দেখুন, সূরা মুনাফিকুন ৬৩ : ৮)। কিন্তু যখন তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হল, সে তা অস্বীকার করল এবং কসম করল যে, আমি এটা বলিনি (রূহুল মাআনী ইবনে জারীর, ইবনুল মুনযির প্রমূখের বরাতে)।