আর তাদের মধ্যেই সেই ব্যক্তিও আছে, যে বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলবেন না। ৪৩ ওহে! ফিতনায় তো তারা পড়েই রয়েছে। বিশ্বাস রাখ, জাহান্নাম কাফেরদেরকে বেষ্টন করে রাখবেই।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪৩. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত আছে, মুনাফিকদের মধ্যে জাদ্দ ইবনে কায়স নামক একজন লোক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে বললে সে জবাব দিল, ইয়া রাসূলাল্লাহ! আমি বড় নারীকাতর লোক। রোমান সুন্দরীদের দেখলে আমার পক্ষে ইন্দ্রিয় সংযম সম্ভব হবে না। ফলে আমি ফিতনায় পড়ে যাব। সুতরাং আমাকে এই যুদ্ধে শরীক না হওয়ার অনুমতি দিন এবং এভাবে আমাকে ফিতনার শিকার হওয়া থেকে বাঁচান। এ আয়াতে তার দিকেই ইশারা করা হয়েছে (রূহুল মাআনী ইবনুল মুনযির, তাবারানী ও ইবনে মারদাওয়ায়হের বরাতে)।