عَفَا اللّٰہُ عَنۡکَ ۚ لِمَ اَذِنۡتَ لَہُمۡ حَتّٰی یَتَبَیَّنَ لَکَ الَّذِیۡنَ صَدَقُوۡا وَتَعۡلَمَ الۡکٰذِبِیۡنَ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৯. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকদেরকে জিহাদে অংশগ্রহণ না করার অনুমতি কেন দিলেন এজন্য তাকে তিরস্কার করা উদ্দেশ্য, কিন্তু মহব্বতপূর্ণ ভঙ্গি লক্ষ্য করুন। তিরস্কার করার আগেই ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কেননা প্রথমেই যদি তিরস্কার করা হত এবং ক্ষমার ঘোষণা পরে দেওয়া হত, তবে এই মধ্যবর্তী সময়টা না জানি তাঁর কী অবস্থার ভেতর দিয়ে কাটত। যা হোক আয়াতের মর্ম এই যে, ওই মুনাফিকদের তো যুদ্ধে যাওয়ার কোন ইচ্ছাই ছিল না, যেমন সামনে ৪৬ নং আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলাও চাচ্ছিলেন না, তারা সৈন্যদের সাথে মিশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তাদেরকে যুদ্ধে শরীক না হওয়ার অনুমতি না দিতেন, তবে তারা যে নাফরমান এ বিষয়টা সুস্পষ্ট হয়ে যেত। পক্ষান্তরে বর্তমান অবস্থায় তারা যেহেতু অনুমতি নিয়ে ফেলেছে, তাই একদিকে মুসলিমদেরকে বলে বেড়াবে আমরা তো অনুমতি নিয়েই মদীনা মুনাওয়ারায় থেকেছি, অপর দিকে নিজেদের লোকদের কাছে এই বলে কৃতিত্ব জাহির করবে যে, দেখলে তো, আমরা মুসলিমদেরকে কেমন ধোঁকা দিয়েছি।