আত তাওবাহ্

সূরা নং: ৯, আয়াত নং: ১২৭

তাফসীর
وَاِذَا مَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ نَّظَرَ بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ ؕ ہَلۡ یَرٰىکُمۡ مِّنۡ اَحَدٍ ثُمَّ انۡصَرَفُوۡا ؕ صَرَفَ اللّٰہُ قُلُوۡبَہُمۡ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ

উচ্চারণ

ওয়া ইযা-মাউনঝিলাত ছূরাতুন নাজারা বা‘দুহুম ইলা-বা‘দিন হাল ইয়ারা-কুম মিন আহাদিন ছু ম্মান সারাফূ সারাফাল্লা-হু কুলূবাহুম বিআন্নাহুম কাওমুল লা-ইয়াফকাহূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং যখনই কোনও সূরা নাযিল হয়, তখন তারা একে অন্যের দিকে তাকায় (এবং ইশারায় একে অন্যকে বলে), তোমাদেরকে কেউ দেখছে না তো? তারপর তারা (সেখান থেকে) সটকে পড়ে। ১১২ আল্লাহ তাদের অন্তর ঘুরিয়ে দিয়েছেন, যেহেতু তারা অনুধাবন করে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১২. আসল কথা, আল্লাহ তাআলার কালামের প্রতি তাদের ছিল চরম বিদ্বেষ। তাই তাদের কামনা ও চেষ্টা থাকত, যাতে কখনও তা শোনার অবকাশ না আসে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মজলিসে যখন নতুন কোন সূরা তিলাওয়াত করতেন, তখন তারা পালানোর চেষ্টা করত। কিন্তু সকলের সম্মুখ দিয়ে উঠে গেলে পাছে তাদের গোমর ফাঁস হয়ে যায়, তাই একে অন্যকে চোখের ইশারায় বলত, এমন কোনও সুযোগ খোঁজ, যখন কোনও মুসলিম তোমাদেরকে দেখছে না আর সেই অবকাশে চুপিসারে উঠে যাও।