তোমরা তাদের মত হবে না, যারা নিজ গৃহ থেকে দম্ভভরে এবং মানুষকে (নিজেদের ঠাটবাট) দেখাতে দেখাতে বের হয়েছিল এবং তারা (অন্যদেরকে) আল্লাহর পথে বাধা দিত। ৩৩ আল্লাহ মানুষের সমস্ত কর্ম (নিজ জ্ঞান দ্বারা) পরিবেষ্টন করে আছেন। ৩৪
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৩. এর দ্বারা কুরায়শের সেই বাহিনীকে বোঝানো হয়েছে, যারা বদরের যুদ্ধে অহমিকা ভরে ও নিজেদের শান-শওকত প্রদর্শন করতে করতে বের হয়েছিল। শিক্ষা দেওয়া হচ্ছে যে, নিজেদের সামরিক শক্তি যত বেশিই হোক, তার উপর ভরসা করে অহমিকায় লিপ্ত হওয়া উচিত নয়। বরং ভরসা কেবল আল্লাহ তাআলারই উপর রাখা চাই।