আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৩০

তাফসীর
یٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اَلَمۡ یَاۡتِکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ وَیُنۡذِرُوۡنَکُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ؕ قَالُوۡا شَہِدۡنَا عَلٰۤی اَنۡفُسِنَا وَغَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَشَہِدُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ اَنَّہُمۡ کَانُوۡا کٰفِرِیۡنَ

উচ্চারণ

ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি আলামইয়া’তিকুমরুছুলুম মিনকুম ইয়াকু সসূনা ‘আলাইকুম আ-য়া-তী ওয়া ইউনযিরূনাকুম লিকাআ ইয়াওমিকুম হা-যা- কা-লূশাহিদনা‘আলাআনফুছিনা-ওয়া গার রাতহুমুল হায়া-তুদ দুনইয়া-ওয়া শাহিদূ‘আলাআনফুছিহিম আন্নাহুম কা-নুকা-ফিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

হে জিন ও মানব জাতি! তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য হতে এমন রাসূল আসেনি, যারা তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনাত ৬৯ এবং তোমাদেরকে এ দিনের সম্মুখীন হওয়ার ব্যাপারে সতর্ক করত, যে দিনে আজ তোমরা উপনীত হয়েছ? তারা বলবে, (আজ) আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম (যে, সত্যিই আমাদের কাছে নবী-রাসূল এসেছিলেন, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম)। ৭০ (প্রকৃতপক্ষে) পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় নিক্ষেপ করেছিল। আর আজ তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল যে, তারা কাফের ছিল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬৯. মানুষের মধ্যে নবী-রাসূলের আগমনের বিষয়টা তো সুস্পষ্ট। এ আয়াতের প্রতি লক্ষ্য করে কতক আলেম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে জিন জাতির মধ্যেও নবী-রাসূলের আগমন হত। অন্যদের মতে জিনদের মধ্যে স্বতন্ত্র কোনও নবীর আগমন হয়নি; বরং মানুষের মধ্যে যে সকল নবী পাঠানো হত, তারা জিনদেরকেও দীনের পথে ডাকতেন তাদের ডাকে যে সকল জিন ইসলাম গ্রহণ করত, তারা নবীদের প্রতিনিধি স্বরূপ অন্যান্য জিনদের মধ্যে প্রচারকার্য চালাত। সূরা জিনে এটা বিস্তারিত বর্ণিত হয়েছে। আয়াতের প্রতি লক্ষ্য করলে উভয় মতের অবকাশ আছে। কেননা আয়াতে বোঝানো উদ্দেশ্য যে, জিন ও মানব উভয় জাতির মধ্যে যথাযথভাবে প্রচারকার্য চালানো হয়েছিল, আর এটা উভয়ভাবেই সম্ভব।