তা এজন্য যে, শয়তান যে প্রতিবন্ধ ফেলে, আল্লাহ তাকে যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের অন্তর শক্ত, তাদের জন্য ফিতনায় পরিণত করেন। ৩১ নিশ্চয়ই জালেমগণ বিরোধিতায় বহু দূর পৌঁছে গেছে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩১. আল্লাহ তাআলা শয়তানকে এরূপ প্রতিবন্ধকতা ও সংশয়-সন্দেহ সৃষ্টি করার সুযোগ কেন দেন, ৫৩ ও ৫৪ আয়াতে তার জবাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে, এর দ্বারাও উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা। এ পরীক্ষায় মুনাফিক ও কাফিরগণ অকৃতকার্য ও মুমিনগণ কৃতকার্য হয়। ‘যাদের অন্তরে ব্যাধি আছে’ বলে মুনাফিকদের আর ‘যাদের অন্তর শক্ত’ বলে ঘোর কাফিরদের বোঝানো হয়েছে। এ পরীক্ষায় তারা মনের ব্যাধি ও কঠিনত্বের কারণে আরও বেশি সন্দেহ ও অবিশ্বাসের দিকে এগিয়ে যায় আর যারা প্রকৃত জ্ঞানী ও মুমিন, সত্যের প্রতি আরও বেশি আস্থাবান হয় তারা নিজেদের ঈমানকে বলিয়ান করে তোলে। -অনুবাদক