মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ৭৭

তাফসীর
اَفَرَءَیۡتَ الَّذِیۡ کَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوۡتَیَنَّ مَالًا وَّوَلَدًا ؕ

উচ্চারণ

আফারাআইতাল্লাযী কাফারা বিআ-য়া-তিনা-ওয়াকা-লা লাঊতাইয়ান্না মা-লাওঁ ওয়া ওয়ালাদা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে (আখেরাতেও) আমাকে অবশ্যই সম্পদ ও সন্তান দেওয়া হবে। ৩৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৮. সহীহ বুখারীতে হযরত খাব্বাব ইবনুল আরাত্ত্ (রাযি.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি মক্কা মুকাররমায় লৌহ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করতাম। সেই সুবাদে মুশরিকদের এক সর্দারের কাছে আমার কিছু পাওনা সাব্যস্ত হয়েছিল। তার নাম ছিল ‘আস ইবন ওয়াইল। আমি তা চাইতে গেলে সে বলল, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) অস্বীকার না করবে ততক্ষণ তোমার টাকা দেব না। আমি বললাম, তুমি যদি মর, তারপর আবার জীবিত হও তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারব না। ‘আস ইবন ওয়াইল এ কথার উত্তরে বলল, মৃত্যুর পর আমি পুনরুজ্জীবিত হব? তিনি বললেন, অবশ্যই। ‘আস বলল, ঠিক আছে মৃত্যুর পর যদি আমি জীবিত হই সেখানেও আমার প্রচুর অর্থ-সম্পদ ও সন্তানাদি থাকবে। কাজেই তখনই আমি তোমার পাওনা পরিশোধ করব। তারই পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়েছে।