যখন আমার ফিরিশতাগণ লূতের কাছে পৌঁছল, সে তাদের কারণে ঘাবড়ে গেল, তার অন্তরে উদ্বেগ দেখা দিল এবং সে বলতে লাগল, আজকের এ দিনটি বড় কঠিন। ৫২
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫২. ফিরিশতাগণ হযরত লূত আলাইহিস সালামের কাছে সুদর্শন যুবকের বেশে হাজির হয়েছিল। তখনও তিনি বুঝতে পারেননি তারা ফিরিশতা। অন্য দিকে নিজ সম্প্রদায়ের বিকৃত যৌনাচার ও তাদের চরম অশ্লীলতা সম্বন্ধে তিনি অবগত ছিলেন। সঙ্গত কারণেই তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তাঁর আশঙ্কা ছিল তার সম্প্রদায় এই অতিথিদেরকে তাদের লালসার নিশানা বানাতে চাইবে। তাঁর সে আশঙ্কাই সত্য হয়েছিল, যেমন পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে। তারা একদল সুদর্শন যুবকের আগমন সংবাদ শোনামাত্র তাদের কাছে ছুটে আসল এবং হযরত লূত আলাইহিস সালামের কাছে দাবী জানাল, তিনি যেন তার অতিথিদেরকে তাদের হাতে ছেড়ে দেন।