মহিলাদের গেঞ্জি পরে নামাজ পড়ার বিধান
প্রশ্নঃ ১৭১২০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলাদের গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত বোন!
মহিলাদের জন্য নামাজের সময় চেহারা, দুই হাত কবজি পর্যন্ত এবং দুই পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢেকে রাখা জরুরি। শরীরের যেসব অংশ নামাজে ঢেকে রাখা আবশ্যক, সেগুলো খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহিহ হবে না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ
অর্থ : প্রাপ্তবয়স্ক নারীর নামাজ ওড়না ছাড়া আল্লাহ কবুল করেন না।
[সুনানে আবু দাউদ, হাদিস: ৬৪১]
(https://muslimbangla.com/hadith/14987)
অন্য হাদিসে উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করেছিলেন, নারীরা কি পাজামা/সেলোয়ার ছাড়া শুধু কামিজ ও ওড়না পরে নামাজ পড়তে পারে? তিনি বলেছেন,
إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا
অর্থ : যদি নারীর জামা এতটা লম্বা হয় যে তার পায়ের পিঠ ঢেকে যায়, তাহলে সে তা পরেই নামাজ পড়তে পারবে।
[সুনানে আবু দাউদ, হাদিস: ৬৪০]
(https://muslimbangla.com/hadith/14986)
সুতরাং শুধু গেঞ্জি পরে নামাজ পড়া যাবে না, যদি তাতে মাথা, গলা, বাহু বা শরীরের অন্য কোনো আবশ্যক অংশ খোলা থাকে। তবে গেঞ্জির ওপর ওড়না, চাদর বা অন্য কোনো পোশাক পরার মাধ্যমে শরীরের আবশ্যক অংশগুলো শরিয়তসম্মতভাবে ঢেকে গেলে নামাজ সহিহ হবে।
উল্লেখ্য যে, পোশাকের ক্ষেত্রে নারী-পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখাও জরুরি। রাসূলুল্লাহ ﷺ পুরুষের পোশাক নারীদের পরিধান করতে নিষেধ করেছেন।
হাদীসে এসেছে,
لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ
অর্থ : রাসূলুল্লাহ ﷺ সেই পুরুষের ওপর লানত করেছেন, যে নারীর পোশাক পরিধান করে এবং সেই নারীর ওপরও লানত করেছেন, যে পুরুষের পোশাক পরিধান করে।
[সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৯৮]
(https://muslimbangla.com/hadith/18401)
সুতরাং যে গেঞ্জি পুরুষদের জন্য বিশেষভাবে তৈরি, তা নারীদের জন্য পরিধান করা জায়েয নেই। এমন পেকাশা পরিধান করা কবীরাহ গুনাহ।
আর যে গেঞ্জি নারীদের পোশাক হিসেবে বিশেষভাবে তৈরি (যা পুরুষদের স্বতন্ত্র পোশাক হিসেবে গণ্য নয়), সে গেঞ্জি পরিধান করা হারাম হবে না। তবে নেককার আল্লাহওয়ালা মহিলাগণ সাধারণত তা পরেন না। তাই এ জাতীয় পোশাক না পরাই শ্রেয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন