আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৫৩৭
আন্তর্জাতিক নং: ৭০০৯
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
২৯৪৬. স্বপ্নে জামা হেঁচড়িয়ে চলা।
৬৫৩৭। সাঈদ ইবনে উফায়র (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ আমি একদা নিদ্রিত ছিলাম। আমি দেখলাম, আমার কাছে একদল লোক পেশ করা হল, আর তারা ছিল জামা পরিহিত। কারো কারো জামা স্তন পর্যন্ত। আর কারো কারো এর নিচ পর্যন্ত। আর উমর ইবনে খাত্তাবকে এমতাবস্থায় আমার কাছে পেশ করা হলো যে, সে তার গায়ের জামা হেঁচড়িয়ে চলছে। সাহাবাগণ বললেনঃ হে আল্লাহর রাসুল! আপনি এর কি ব্যাখ্যা দিলেন। তিনি বললেনঃ দ্বীন।
كتاب التعبير
باب جَرِّ الْقَمِيصِ فِي الْمَنَامِ
7009 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ عُرِضُوا عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ، فَمِنْهَا مَا يَبْلُغُ الثَّدْيَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَيَّ عُمَرُ بْنُ الخَطَّابِ، وَعَلَيْهِ قَمِيصٌ يَجْتَرُّهُ» قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الدِّينَ»

হাদীসের ব্যাখ্যা:

লেবাস ও দ্বীনের মধ্যে এ সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে যে, লেবাস ঠাণ্ডা ও রৌদ্রের তাপ ইত্যাদি এ জগতের কষ্ট থেকে মানবদেহকে রক্ষা করে এবং এটা সৌন্দর্যের উপকরণ। আর দ্বীন আখেরাতে সৌন্দর্যের উপকরণ হবে এবং আযাব থেকে হেফাযতের কারণ হবে। স্বপ্নে যে সমস্ত লোককে হুযুর (ﷺ)-এর সামনে পেশ করা হয়েছিল, তারা সম্ভবত উম্মতের বিভিন্ন স্তর ও শ্রেণীর লোক ছিল। কিন্তু এমন ছিল যাদের দ্বীনের মধ্যে বিভিন্ন পর্যায়ের ত্রুটি ও অপূর্ণতা ছিল। তাদের মধ্যে হযরত উমর রাযি.ও ছিলেন, যার দ্বীন অত্যন্ত পরিপূর্ণ ছিল, তিনি আপদমস্তক দ্বীন ছিলেন এবং তাঁর দ্বীন নিজের সত্তা থেকেও বেশী ছিল। رضيَ اللهُ عنهُ وأرضاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)