আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৫০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবীয (শরবত) পান করা এবং তার পন্থা
৬৫০। হযরত সুমামা ইব্‌ন হাযান কুশায়রী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট নবীয সম্পর্কে জানতে চাইলাম। তিনি একটি হাবশী দাসীকে ডেকে এনে বললেন, এর নিকট জিজ্ঞেস করো, কারণ সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করতো। আমি তাকে জিজ্ঞেস করলে সে বললো, আমি রাতের বেলা একটি মশকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করতাম এবং মশকের মুখ ঢেকে রাখতাম। ভোর হলে তিনি তা পান করতেন।
أبواب الكتاب
شُرْبُ النَّبِيذِ وَصِفَتُهُ
650 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ الْفَضْلِ، عَنْ ثُمَامَةَ بْنِ حَزْنٍ الْقُشَيْرِيِّ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيذِ؟ فَدَعَتْ جَارِيَةً حَبَشِيَّةً، فَقَالَتْ: سَلْ هَذِهِ، فَإِنَّهَا كَانَتْ تَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُهَا، فَقَالَتْ: كُنْتُ أَنْبِذُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَاءٍ مِنَ اللَّيْلِ وَأُوكِيهِ، فَإِذَا أَصْبَحَ شَرِبَ مِنْهُ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে দু’টি বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। (এক) খেজুর দ্বারা নবীয বা শরবত তৈরির পদ্ধতি ও তার ব্যবহার বিধি। (দুই) পানাহার বস্তু সবসময় ঢেকে রাখা উচিত। খেজুর দিয়ে শরবত তৈরি করলে তাতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পূর্বেই পান করা উচিত। কারণ তাতে মাদকতা এসে গেলে আর খাওয়া যাবে না। অনুরূপভাবে পানাহারের বস্তু ঢেকে রাখলে তাতে ধুলাবালি, ময়লা ও পোকামাকড় পতিত হওয়ার আশংকা থাকে না। ফলে অনেক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। একজন সাহাবী দুধের পাত্র খোলা অবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত করলে তিনি বলেন, তুমি তা ঢেকে আননি কেন? এক টুকরা কাঠ দিয়ে হলেও তা ঢেকে আনতে (বুখারী)।
জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা)-এর সূত্রে বর্ণিত এক হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকার এলে তোমরা তোমাদের শিশুদের বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত রাখো। কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে (মানুষের অনিষ্ট সাধনের জন্য)। রাতের কিছু অংশ অতীত হওয়ার পর তাদের ছেড়ে দাও এবং ঘরের দরজা বন্ধ করো আল্লাহ্‌র নাম নিয়ে। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। এবং পান পাত্রের মুখও বিসমিল্লাহ্ বলে ঢেকে রাখো, বিসমিল্লাহ্ বলে অন্যান্য পাত্রও ঢেকে দাও, অন্তত তার উপরে কিছু রেখে দাও এবং খোলা বাতিগুলো নিভিয়ে দাও।
tahqiqতাহকীক:তাহকীক চলমান