আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৯। সাদ ইব্ন হিশাম (র) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা)-এর নিকট নবী (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জানতে চাইলেন। আয়েশা (রা) বলেন, তাঁর ওযূর পানি ও মিস্ওয়াক (তাঁর নিকটেই) রেখে দেওয়া হতো। তারপর আল্লাহ্ তাআলা যখন চাইতেন তাঁকে রাতের কোন অংশে জাগিয়ে দিতেন। তিনি উঠে দাঁত মাজতেন এবং ওযূ করতেন। তারপর দাঁড়িয়ে নয় রাকআত, তারপর দুই রাকআত সালাত পড়তেন। তারপর বয়স ভারী হয়ে গেলে তিনি বসে নয় রাকআত ও দুই রাকআত সালাত পড়তেন। রোগ্রাক্রান্ত হওয়ার ফলে যখন তিনি রাতের বেলা সালাত পড়তে অক্ষম হয়ে পড়েছিলেন, তখন দিনের বেলা বার রাকআত সালাত পড়ে নিতেন। তিনি কোন আমল শুরু করলে অব্যাহত রাখতেন। তিনি কখনও এক রাতে সম্পূর্ণ কুরআন মজীদ তিলাওয়াত করেন নি। তিনি কখনও সারা রাত সালাত পড়েন নি এবং রমযান মাস ব্যতীত সম্পূর্ণ মাস সাওম রাখেন নি।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
549 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا عُمَرُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ حَكِيمٍ الْحِمْصِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدَةَ، عَنِ الْجَرَّاحِ بْنِ مَلِيحٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْحَمِيدِ بْنِ ذِي حِمَايَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ قِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: كَانَ يُوضَعُ لَهُ وَضُوءُهُ، وَسِوَاكُهُ، ثُمَّ يَبْعَثُهُ اللَّهُ لِمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ لَهُ مِنَ اللَّيْلِ، فَيَسْتَاكُ، وَيَتَوَضَّأُ ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ تِسْعَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ وَهُوَ قَائِمٌ فَلَمَّا أَسَنَّ كَانَ يَرْكَعُ تِسْعَ رَكَعَاتٍ وَرَكْعَتَيْنِ وَهُوَ قَاعِدٌ، وَكَانَ إِذَا مَرِضَ وَلَمْ يَقُمْ مِنَ اللَّيْلِ، صَلَّى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ النَّهَارِ، وَكَانَ إِذَا عَمِلَ عَمَلًا دَاوَمَ عَلَيْهِ، وَلَمْ يَقْرَإِ الْقُرْآنَ فِي لَيْلَةٍ، وَلَمْ يَقُمْ حَتَّى الصَّبَّاحَ، وَلَمْ يَصُمْ شَهْرًا تَامًّا غَيْرَ رَمَضَانَ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীস থেকে জানা যায় যে, কোন কারণে রাতের বেলা তাহাজ্জুদের সালাত ছুটে গেলে (যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের) দিনের বেলা তা পড়ে নেয়া উচিত। যাতে বিরতির কারণে বরকত থেকে বঞ্চিত হতে না হয়। এ হাদীস থেকে আরও জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে-চিন্তে কোন কাজ বা আমল শুরু করতেন যাতে তা অব্যাহত রাখা যায়, এবং কখনও বর্জিত না হয়। কারণ যে কাজ নিয়মিত করা সম্ভব তা পরিমাণে অল্প হলেও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তরূপ আমলের জন্য উৎসাহও দিয়েছেন এবং নির্দেশও প্রদান করেছেন। অতএব আয়েশা (রা)-এর সূত্রে বর্ণিত এক হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ احب الاعمال الى الله ادومها وان قل “যে কাজ নিয়মিত করা হয় সেই কাজ আল্লাহ্ তা’আলার নিকট অধিক প্রিয়, তা পরিমাণে কম হলেও।” (জামে সাগীর, ২য় খণ্ড, পৃষ্ঠা ১৬৫)
এ হাদীস থেকে আরও জানা যায় যে, দীর্ঘ রাত ধরে নফল ইবাদত করে এবং দিনের পর দিন নফল সাওম রেখে ঘুমের ব্যাঘাত ঘটানো ঠিক নয়। কারণ তাতে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এবং ফরয ইবাদত ও পার্থিব কর্তব্য পালনে ব্যাঘাত অথবা বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে।
এ হাদীস থেকে আরও জানা যায় যে, দীর্ঘ রাত ধরে নফল ইবাদত করে এবং দিনের পর দিন নফল সাওম রেখে ঘুমের ব্যাঘাত ঘটানো ঠিক নয়। কারণ তাতে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এবং ফরয ইবাদত ও পার্থিব কর্তব্য পালনে ব্যাঘাত অথবা বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে।