আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫২৮। হযরত কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাতের বেলা ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে তাঁর ওযূর পানি, মিস্ওয়াক ও চিরুনি এক পাশে রেখে দিতেন। তারপর মহান আল্লাহ্ যখন তাঁকে রাতের বেলা ঘুম থেকে জাগাতেন তখন তিনি মিস্ওয়াক করতেন, ওযু করতেন এবং মাথায় চিরুনি করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
528 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ، نَا أَيُّوبُ الْوَزَّانُ، نَا فِهْرُ بْنُ بِشْرٍ الرُّقَيُّ، نَا عُمَرُ بْنُ مُوسَى، عَنْ قَتَادَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ طَهُورَهُ وَسِوَاكَهُ وَمُشْطَهُ، فَإِذَا أَهَبَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ اللَّيْلِ، اسْتَاكَ وَتَوَضَّأَ وَامْتَشَطَ
হাদীসের ব্যাখ্যা:
চুল আঁচড়িয়ে পরিপাটি করে রাখা সুন্নত। এর দ্বারা মানুষের দৈহিক সৌন্দর্য অটুট থাকে। অপরিচ্ছতা ও বৈরাগ্যতা ইসলামে পছন্দনীয় নয়। ইসলামে উত্তম চরিত্র যেমন বাঞ্ছিত গুণ হিসাবে স্বীকৃত, তেমনি পবিত্রতা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবোধও কাম্য। সৌন্দর্যমণ্ডিত চেহারা ও চরিত্র দু’টি জিনিসই পূর্ণাংগ মানবতার প্রতিচ্ছবি। একটি হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ لا يدخل النار من كان في قلبه مثقال حبة من إيمان ولا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر فقال رجل يا رسول الله إني ليعجبني أن يكون ثوبي غسيلا ورأسي دهينا وشراك نعلي جديدا وذكر أشياء حتى ذكر علاقة سوطه أفمن الكبر ذاك يا رسول الله قال لا ذاك الجمال إن الله جميل يحب الجمال ولكن الكبر من سفه الحق وازدرى الناس “যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে প্রবেশ করবে না এবং যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে এটা তো খুবই পছন্দনীয় যে, আমার কাপড় বা পোশাক-পরিচ্ছদ পরিষ্কার-পরিচ্ছন্ন থাক, আমার মাথার চুল তেল দ্বারা পরিপাটি থাক, আমার জুতার ফিতা নতুন হোক.... সে আরও কতগুলো বিষয়ের উল্লেখ করলো। অবশেষে তার চাবুকের সম্পর্কেও উল্লেখ করলো। এবং বললো, ইয়া রাসূলাল্লাহ্! এগুলোও কি অহংকার ও গর্বের অন্তর্ভুক্ত ? তিনি বলেন, এতো সৌন্দর্যের কথা। আল্লাহ্ তা’আলা সৌন্দর্যময়, তিনি সৌন্দর্য পছন্দ করেন। কিন্তু যে মানুষ সত্যকে ভুলে যায় এবং লোকজনকে তুচ্ছজ্ঞান করে তার এই আচরণই হলো অহংকার। একটি হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আলুথালু বেশে দেখে বলেন, তার কাছে কি মাথার চুলগুলো ঠিকঠাক করে রাখার মতও কিছু নেই? তিনি এক ব্যক্তির পরনে ময়লা কাপড়-চোপড় দেখে বলেন, তার নিকট কি পোশাক পরিষ্কার করার মতও কিছু নেই ? (মুসনাদে আহ্মাদ, ৩য় খণ্ড, পৃষ্ঠা-৩৫৭)।