আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৩। উরওয়া ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন কুশাইর (রাহঃ) মুআবিয়া ইব্ন কুররা থেকে এবং তিনি তাঁর পিতা কুররা ইব্ন ইয়াস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন; আমি মুযায়না গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হই। এবং আমরা তাঁর হাতে বাইয়াত গ্রহণ করি। এ সময় নবী (ﷺ)-এর জামার বোতাম খোলা অবস্থায় ছিলো। আমি বরকত লাভের উদ্দেশ্যে নবী (ﷺ) এর পেছনের উন্মুক্ত অংশে হাত রাখলাম। এবং তখন তাঁর মোহরে নবুওয়াত স্পর্শ করলাম। হাদীসের বর্ণনাকারী হযরত উরওয়া বলেন, সে অনুযায়ী আমি কখনো হযরত মুআবিয়া ইব্ন কুররা কিংবা তাঁর পুত্রকে শীতের মৌসুমে হোক আর গরমের মৌসুমে হোক জামার বোতাম লাগানো অবস্থায় দেখিনি। তাঁর সর্বদা জামার বোতাম খোলা রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
253 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا زُهَيْرٌ، عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ، فَبَايَعْنَاهُ وَإِنَّهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ، فَأَدْخَلْتُ يَدِي فِي جَيْبِهِ فَمَسِسْتُ الْخَاتَمَ. فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ فِي شِتَاءٍ وَلَا حَرٍّ إِلَّا مُطْلِقِي أَزْرَارِهِمَا لَا يَزُرَّانِ أَبَدًا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সাহাবায়ে কিরামের সীমাহীন ভক্তি ও ভালবাসার প্রমাণ পাওয়া যায়। তাঁদের এহেন অতিশয় ভালবাসা ও মুহব্বতের কারণে আজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতিটি আচরণ ও প্রতিটি আমল অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয়ে আসছে। তাঁদের অবস্থা ছিলো এমন যে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামার বোতাম খোলা অবস্থায় দেখেছেন তাঁর গোটা জীবনে কখনো জামায় বোতাম সংযুক্ত করেন নি। উভয় জগতের প্রেমাস্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটি আচরণ এ প্রক্রিয়ায়ই সংরক্ষিত হয়ে আসছে। সাহাবীগণ তাঁর প্রতিষ্ঠিত আমলের উপর নিজ নিজ জীবন অতিবাহিত করে দিয়েছেন। এ কারণে তাঁর শুধু শিক্ষাগুলিই নয় বরং তাঁর গোটা জীবনের সকল কিছু যথার্থভাবে সংরক্ষিত। বস্তুত এটি তাঁর সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে হওয়ার একটি দলিল এবং তাঁর নবুওয়াতের একটি উজ্জ্বল মু’জিযা।