ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৩৯
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রান্ত আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার যিকর করে এবং আমার যিকরে তার ওষ্ঠদ্বয় আন্দোলিত হয় তখন আমি তার সাথে থাকি।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن الله عز وجل يقول: أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفتاه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ। ইবন হিব্বান হাদীসটি সহীহ বলেছেন)। [সুনান ইবন মাজাহ, হাদীস-৩৭৯২; সহীহ ইবন হিব্বান, হাদীস-৮১৫; মুসনাদ আহমাদ, হাদীস-১০৯৬৮]

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলার একটি সঙ্গ হচ্ছে এমন, যা বিশ্ব জাহানের ভাল-মন্দ উত্তম অধম মুমিন-কাফির সকলেই ভোগ করে। এ সঙ্গ থেকে কেউই কোন সময় বঞ্চিত বা দূরে নয়। আল্লাহ প্রতিটি বস্তুকে পরিবেষ্টন করে আছেন। তিনি সবসময় সর্বত্র হাযির-নাযির। তাঁর অপর সঙ্গটি হচ্ছে তাঁর সন্তুষ্টি ও কবুলিয়তের সঙ্গ। এ হাদীসে কুদসীতে যে সঙ্গের কথা বলা হয়েছে তা হচ্ছে এই দ্বিতীয়োক্ত সন্তুষ্টি ও কবুল হওয়ার সঙ্গ। হাদীসের মর্ম হচ্ছে, বান্দা যখন আমার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের উদ্দেশ্য যিকির করে, তখন সাথে সাথেই সে তা প্রাপ্ত হয়। সে যখন আমার নৈকট্য কামনায় যিকির করে, তখন আমি কালবিলম্ব না করেই তাকে আমার নৈকট্য ও সঙ্গ দান করি। এভাবে সে দৌলত সে নগদ নগদ লাভ করে যার জন্যে সে যিকির করে থাকে। আল্লাহ তা'আলা সেই দৌলতের চাহিদা আমাদের অন্তরে সৃষ্টি করে দিন! সে আগ্রহ ও উৎসাহ আমাদের অন্তরে সৃষ্টি করুন এবং সে দৌলত আমাদেরকে নসীব করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান