ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩২৮
কুরবানী ও আকীকা অধ্যায়
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) কে আকীকার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, আল্লাহ 'কর্তন-অবাধ্যতা পছন্দ করেন না। মনে হল, তিনি 'আকীকা' পরিভাষাটি অপছন্দ করলেন (আকীকার শাব্দিক অর্থ কর্তন বা অবাধ্যতা)। এবং তিনি বললেন, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে এবং সন্তানের পক্ষ থেকে পশু জবাই করতে সে ভালোবাসে, তবে সে তা করতে পারে । বালকের জন্য দুইটি মেষ ও বালিকার জন্য একটি মেষ।
كتاب الأضحية
عن عمرو بن شعيب عن أبيه أراه عن جده قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة فقال: لا يحب الله العقوق كأنه كره الاسم وقال: من ولد له ولد فأحب أن ينسك عنه فلينسك عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা, আব্দুর রাযযাক, নাসায়ি, আবু দাউদ ও বাইহাকি । ইবনুত তুরকমানি হাদীসটি গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। আহমাদ অনুরূপ একটি হাদীস বনু দামীরাহ গোত্রের একব্যক্তির সূত্রে তার পিতা থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন) । [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৪২৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৭৯৬১; নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-৪৫২৩; সুনান আবু দাউদ, হাদীস-২৮৪২; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৯২৭৪]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আকীকা ফরয-ওয়াজিবের মত কোন অপরিহার্য কাজ নয়; বরং এটা মুস্তাহাব পর্যায়ের আমল। যেমন, হাদীসের এই শব্দমালায় বুঝা যায়: فأَحَبَّ أنْ ينسُكَ عنه، فلْيَنسُكْ অনুরূপভাবে পুত্র সন্তানের আকীকায় দু'টি ছাগল দেওয়াও জরুরী নয়। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে, তাহলে দু'টি যবেহ করাই উত্তম, অন্যথায় একটিও যথেষ্ট হয়ে যায়। এক হাদীস থেকে জানা যায় যে, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসান ও হযরত হুসাইন রাযি.-এর পক্ষ থেকে একটি একটি ছাগলই যবেহ করে ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান