ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৮৩
জবাইয়ের নিয়মাবলি
মাছ, ফড়িং, কলিজা ও প্লিহা বৈধ
(২২৮৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাদের জন্য দুইটি মৃত প্রাণি ও দুইটি রক্ত বৈধ করা হয়েছে। মৃত প্রাণিদ্বয় হল: মাছ ও ফড়িং। আর রক্তদ্বয় হল: কলিজা ও প্লিহা।
كتاب الذبائح
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أحلت لنا ميتتان ودمان فأما الميتتان: فالحوت والجراد وأمّا الدمان: فالكبد والطحال.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাজাহ ও বাইহাকি । হাদীসটি সহীহ)। [সুনান ইবন মাজাহ, হাদীস-৩৩১৪; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১৯৭; মুসনাদ আহমাদ, হাদীস-৫৭২৩]
হাদীসের ব্যাখ্যা:
যাবতীয় হালাল পশুর জন্য শরী‘আত বিধান ও নীতি এই যে, এগুলো যদি শরী‘আত নির্দিষ্ট পদ্ধতিতে যবেহ করা হয় তাহলে হালাল, আর যদি যবেহ করা ছাড়া এমনিই মরে যায়, তাহলে এ ধরনের মৃত হারাম। কিন্তু দু'টি জিনিস এর ব্যতিক্রম। (১) মাছ, (২) টিড্ডি। (এক প্রকার মাংসল পঙ্গপাল, যা ফসলের উপর ঝাঁকে ঝাঁকে পতিত হয়) এ দু'টি মরে গেলেও হালাল থাকে। তদ্রূপভাবে কলিজা ও তিল্লি যদিও আসলে জমাট রক্ত, আর রক্ত হারাম, কিন্তু যখন তা জমাট বেঁধে কলিজা ও তিল্লির আকৃতি ধারণ করে, তখন আল্লাহ তা'আলার বিধানে এটা হালাল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)