ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০২
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারকের পদ প্রার্থনা করা অপছন্দনীয়
(২১০২) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বিচারকের দায়িত্ব প্রার্থনা করে এবং সে জন্য সুপারিশ-সহযোগিতা গ্রহণ করে তবে তাকে এই দায়িত্বভার পালনে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করা হয় না। আর যদি কেউ বিচারকের দায়িত্ব প্রার্থনা না করে এবং তা পাওয়ার জন্য সুপারিশ-সহযোগিতা গ্রহণ না করে তবে আল্লাহ একজন ফিরিশতা অবতীর্ণ করেন, যে তাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে।
كتاب القضاء
عن أنس رضي الله عنه مرفوعا: من طلب القضاء واستعان عليه وكل إليه ومن لم يطلبه ولم يستعن عليه أنزل الله ملكا يسدده

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৫৭৮; সুনান তিরমিযি, হাদীস-১৩২৩; সুনান ইবন মাজাহ, হাদীস-২৩০৯; মুস্তাদরাক হাকিম, হাদীস ৭০২১; মুসনাদ আহমাদ, হাদীস-১৩৩০২]

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের দাবি ও উদ্দেশ্য এটাই যে, রাষ্ট্রীয় পদ অথবা বিচারালয়ের আসন নিজের প্রবৃত্তির তাগিদে গ্রহণ করা না চাই। যে কেউ এরূপে গ্রহণ করবে তার দায়িত্ব প্রতিপালনের জন্য আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোন সাহায্য হবে না। আর যাকে তার নিজের দাবি ছাড়া এ দায়িত্ব প্রদান করা হয়, সে আল্লাহর ওপর ভরসা করে তা গ্রহণ করবে, এরূপ বান্দাকে সাহায্য ও পথপ্রদর্শনে আল্লাহর ওয়াদা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান