ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৫৯
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ বা উমরাহ পালনকারীর মর্যাদা
(১৩৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক উমরাহ থেকে অন্য উমরাহ উভয়ের মধ্যবর্তী যা (পাপ) আছে তার কাফফারা বা ক্ষতিপূরণ । এবং পুণ্যময়-কল্যাণময় বা মকবুল হজ্জের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নেই।
كتاب الحج
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء (ثواب) إلا الجنة

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-১৭৭৩; সহীহ মুসলিম, হাদীস-১৩৪৯; সুনান তিরমিযি, হাদীস-৯৩৩; সুনান নাসায়ি, হাদীস-২৬২৯; সুনান ইবন মাজাহ, হাদীস-২৮৮৮]

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি এখলাছ ও আন্তরিকতার সাথে হজ্ব অথবা উমরা আদায় করে, সে যেন আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ডুব দিয়ে গোসল করে। যার ফলে সে গুনাহর নাপাক প্রভাব থেকে পাক হয়ে যায়। এছাড়া দুনিয়াতেও তার উপর আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহ হয় যে, সে অভাব-অনটন ও পেরেশানী থেকে মুক্ত হয়ে যায় এবং স্বচ্ছলতা ও মানসিক প্রশান্তি তার ভাগ্যে জুটে যায়। তদুপরি হজ্বে মাবরুরের বিনিময়ে জান্নাত লাভ হওয়া তো আল্লাহ্ তা'আলার নিশ্চিত ফায়সালা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)