ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৭
নামাযের অধ্যায়
কারো অমুসলিম আত্মীয় মারা গেলে
(১১০৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে যখন আবু তালিবের মৃত্যুর সংবাদ দেওয়া হল তিনি তখন কেঁদে ফেলেন । অতঃপর তিনি আমাকে বলেন, তুমি যাও তাকে গোসল দাও, কাফন পরাও এবং মাটির অভ্যন্তরে রেখে এসো । আলী রা. বলেন, তখন আমি তা করলাম।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لما أخبر رسول الله صلى الله عليه وسلم يموت أبي طالب فبكى ثم قال لي: إذهب فاغسله وكفنه وواره قال: ففعلت

হাদীসের তাখরীজ (সূত্র):

[ইবন সা'দ, আত তাবাকাতুল কুবরা ১/৯৯]

আবু দাউদ, নাসায়ি, ইবনুল জারূদ ও ইবন হিব্বান তার সহীহ গ্রন্থে এই হাদীসটি সঙ্কলিত করেছেন। তাদের বর্ণনায় গোসল করানো ও কাফন পরানোর কথা উল্লেখ করা হয় নি। তাদের সঙ্কলিত হাদীসের ভাষায় আবু তালিবের মৃত্যুর সংবাদে রাসূলুল্লাহ (ﷺ) আলীকে রা. বলেন, যাও, তোমার পিতার মৃতদেহ মাটির অভ্যন্তরে রেখে এসো। অপরদিকে ইবন আবী শাইবার বর্ণনায় গোসল করানোর উল্লেখ রয়েছে।

[গ্রন্থকার টীকায় পূর্ণ সনদ উল্লেখ করে রাবীদের নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, সনদের রাবী ওয়াকিদিকে আহমাদসহ অনেকেই নির্ভরযোগ্য বলেছেন এবং অনেকে তাকে পরিত্যাগ করেছেন। তার উস্তাদ মুআবিয়ার কোনো আলোচনা আমি পাই নি। মুআবিয়ার উস্তাদ আব্দুল্লাহকে ইবন হিব্বান ‘সিকাত' গ্রন্থে উল্লেখ করেছেন এবং তার উস্তাদ উবাইদুল্লাহর হাদীস মুহাদ্দিসগণ গ্রহণ করেছেন। - সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান