ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬২
নামাযের অধ্যায়
হারাম বস্তু দিয়ে চিকিৎসা নিষিদ্ধ
(১০৬২) তারিক ইবন সুওয়াইদ রা. বলেন, (ঔষধরূপে মদের ব্যবহার বিষয়ে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মদ তো ঔষধ নয়, বরং তা ব্যাধি।
كتاب الصلاة
عن طارق بن سويد الجعفي رضي الله عنه مرفوعا: إنه ليس بدواء ولكنه داء
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৯৮৪; মুসনাদ আহমাদ, হাদীস-১৮৮৬২]
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন প্রচ্ছন্ন ইঙ্গিতের ভিত্তিতে কিছু ইমাম ও আলেমদের অভিমত এই যে, এ হাদীসটি ঐ সময়কার, যখন মদ চূড়ান্তরূপে হারাম হওয়ার বিধান নাযিল হয়েছিল এবং রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ কল্যাণমূলক উদ্দেশ্যে ও প্রজ্ঞার আলোকে মদের ব্যাপারে জরুরী ভিত্তিতে চরম ও কঠোর নীতি অবলম্বন করে ছিলেন এবং এ ক্ষেত্রে এমন কিছু জিনিসও নিষেধ করে দিয়েছিলেন, যেগুলো পরবর্তীতে তিনি অনুমতি দিয়ে দেন। এ ভিত্তিতে ঐসব আলেম এ অবকাশ রয়েছে বলে মনে করেন যে, এমন কোন রোগী, যার জীবন সংঙ্কটাপন্ন, তার ব্যাপারে যদি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ চিকিৎসক বলেন যে, তার চিকিৎসায় মদ অপরিহার্য, তাহলে কেবল প্রয়োজন পরিমাণ মদ ব্যবহার করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)