ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৭৩
নামাযের অধ্যায়
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৩) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাতের কিয়াম (সালাত) পালন করা তোমাদের দায়িত্ব। কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার মানুষদের স্থায়ী অভ্যাস। আর রাতের কিয়াম (তাহাজ্জুদ) আল্লাহর নৈকট্য প্রদান করে, পাপ থেকে বাঁধা দেয়, গোনাহের ক্ষমা ও ক্ষতিপূরণ করায় এবং দেহ থেকে রোগব্যাধি তাড়িয়ে দেয়।
كتاب الصلاة
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وإن قيام الليل قربة إلى الله ومنهاة عن الإثم ومكفرة للسيئات ومطردة للداء عن الجسد
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি ও হাকিম। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-৩৫৪৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-১১৫৬]
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে তাহাজ্জুদ সালাতের চারটি বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে। ১. তাহাজ্জুদ সালাত পূর্ববর্তী নেক্কারদের তরীকা ও প্রতীক, ২. আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম এবং (৩) ও (৪) গুনাহ বিমোচন করে এবং গুনাহ থেকে ফিরিয়ে রাখে। প্রকৃতপক্ষে তাহাজ্জুদের সালাত এক বিরাট সম্পদ। হযরত জুনায়দ বাগদাদী (র.) সম্পর্কে কথিত আছে যে, তাঁর ইন্তিকালের পর কিছু সংখ্যক লোক তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল আপনার প্রতিপালক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। জবাবে তিনি বললেনঃ হাকীকত ও মা'আরিফাতের উচুঁউচু দরজার যে সবকাজ আমি দুনিয়াতে করেছিলাম তা আমার কোন উপকারে আসেনি, বরং মধ্যরাতে যে সালাত আদায় করেছিলাম তা-ই কাজে লেগেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)