ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৬৬
নামাযের অধ্যায়
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬৬) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালামের পরে বলতেন, 'তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি।প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য'।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: كان يقول بعد ما سلم: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা ও আবু ইয়া'লা। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)।২ [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৩০৯৭; মুসনাদ আৰু ইয়া'লা, হাদীস-১১১৮]

সূরা: [৩৭] আস সাফফাত, আয়াত: ১৮০।

[গ্রন্থকার মাজমাউয যাওয়ায়িদ থেকে আল্লামা হাইসামির মতামত উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। মুহাম্মাদ আওয়ামা বলেন, হাদীসটি ইবন আবী শাইবা, আবু ইয়া'লা, তায়ালিসি (২১৯৮), ইবন হুমাইদ (৯৫৪, ৯৫৬), তাবারানি (আদ দুআ-৬৫১) প্রমুখ মুহাদ্দিস সঙ্কলন করেছেন। তাদের সকলের সনদে আবু হারুন আবদি রয়েছে। তিনি পরিত্যক্ত, অভিযুক্ত । হাইসামি মাজমাউয যাওয়ায়িদে হাদীসটি উল্লেখ করে এবং সেখানে আবু হারুনের পরিবর্তে আবু হুরাইরা হয়ে গেছে। একারণেই তিনি বলেছেন, সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। নইলে আবু হারুনকে তিনিও অন্যত্র যয়ীফ বলেছে। ইমাম তাবারানি অনুরূপ হাদীস ইবন আব্বাস (১১২২১) ও যাইদ ইবন আরকাম (কাবীর-৫১২৪) থেকে বর্ণনা করেছেন। উভয় হাদীসের সনদেই রয়েছে প্রচণ্ড দুর্বল রাবী। এসব কারণে আলবানি হাদীসটিকে অত্যন্ত দুর্বল কলেছেন। দেখুন: মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ৩/৬৯; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ১/৮১ ও ২৮৪, ২/১১১ ও ১৪৭-১৪৮, ১০/১০২-১০৩; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৯/২১৫-২১৭; যাহাবি, মীযানুল ই'তিদাল ৩/১৭৩-১৭৪। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান