ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৩৯
- সামগ্রিক মূলনীতিসমূহ
জান্নাতের কথা
(৩৯) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাগণের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কখনো কোনো চক্ষু দেখে নি, কোনো কর্ণ শোনে নি এবং কোনো মানবহৃদয় তা কখনো কল্পনা করতে পারে নি।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال الله: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি ও মুসলিম)। [সহীহ বুখারি, হাদীস-৩২৪৪; সহীহ মুসলিম, হাদীস-২৮২৪; সুনান তিরমিযি, হাদীস-৩১৯৭]
হাদীসের ব্যাখ্যা:
এটা হাদীসে কুদসী। যেসব হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেন যে, আল্লাহ বলেছেন, অথচ তা কুরআন শরীফের অন্তর্গত নয় সেসব হাদীসকে হাদীসে কুদসী বলা হয়। আলোচ্য হাদীস এ ধরনের, এতে আল্লাহর নেক বান্দাহদের জন্য সুসংবাদ রয়েছে যে, আখিরাতের যিন্দেগীতে তারা এমন উচ্চমানের জিনিস লাভ করবে যা দুনিয়াতে কোন লোক কখনও পায়নি, কোন চোখ তা দেখেনি, কোন কান তার বিবরণ শুনেনি এবং কোন মানুষের হৃদয় তার কল্পনাও করতে পারেনি। অধিকন্তু এতে বান্দাহদের জন্য আল্লাহর ভালবাসা এবং রহম করম পরিপূর্ণ শব্দাবলী «أَعْدَدْتُ لِعِبَادِي» (আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন জিনিস তৈরী করে রেখেছি) রয়েছে। বান্দাহগণ কুরবান হোন দয়ালু প্রভুর এ রহম করমের জন্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)