আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯২। নসর ইবন আলী জাহযামী আবু ’আমর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) পারস্য সম্রাট কিসরা, রোম সম্রাট কায়সার এবং আবিসিনীয় রাজা নাজ্জাসীর নিকট (ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে) চিঠি লেখার ইচ্ছে পোষণ করেন। তাঁকে জানানো হলো তারা সীলমোহর ব্যতীত চিঠি গ্রহণ করে না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি তৈরী করান যার বৃত্তটি ছিল রৌপ্যের । আর তিনি ঐ আংটিতে ‘মুহম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ (مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ) অংকিত করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ أَبُو عَمْرٍو قَالَ : حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ ، عَنْ خَالِدِ بْنِ قَيْسٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ ، فَقِيلَ لَهُ : إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ فَصَاغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا حَلْقَتُهُ فِضَّةٌ ، وَنُقِشَ فِيهِ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.

হাদীসের ব্যাখ্যা:

বিশুদ্ধ বর্ণনা দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ) ষষ্ঠ হিজরীর শেষ দিকে হুদায়বিয়ার সফর থেকে প্রত্যাবর্তনের পর তখনকার দুনিয়ার প্রসিদ্ধ বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেছিলেন। সে সময়ই এ ঘটনা ঘটল যে, যখন তিনি পত্র লিখাবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোন কোন সাহাবী- যারা এসব রাষ্ট্রের রীতি নীতি সম্পর্কে অবগত ছিলেন, বললেন যে, এসব পত্রে হুযুর (ﷺ)-এর মোহর থাকা জরুরী। এসব রাজা-বাদশাহ মোহর ছাড়া পত্রের কোন গুরুত্বই দেয় না। হুযুর (ﷺ) তাদের এ পরামর্শ গ্রহণ করলেন এবং রূপার একটি আংটি তৈরী করলেন- যার উপরের পাত্রে محمد رسول الله অংকিত ছিল।
বুখারী শরীফের রেওয়ায়াত দ্বারা এ কথাও জানা গেল যে, এ তিনটি শব্দ তিন লাইনে নীচ থেকে উপরে এভাবে লিখা ছিল:
الله
رسول
محمد
এটাই হুযুর (ﷺ)-এর মোহর এবং এটাই তাঁর আংটি ছিল।
বর্ণনায় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করার কথাও এসেছে এবং ডান হাতে ব্যবহারের কথাও। মনে হয়, কখনো ডান হাতেও ব্যবহার করতেন, আর কখনো বাম হাতেও পরে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)