আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৪১।আবু কুরায়ব মুহাম্মাদ ইবন ’আলা (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আবু বকর (রাযিঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার কেশ মুবারক তো সাদা হয়ে গেছে। আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সূরা হুদ, আল-ওয়াকিয়া, আল্-মুরসালাত, আম্মা ইতাসাআলুন, ইযাশ্-শামসু কুয়্যিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ، عَنْ شَيْبَانَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ أَبُو بَكْرٍ : يَا رَسُولَ اللَّهِ ، قَدْ شِبْتَ ، قَالَ : شَيَّبَتْنِي هُودٌ ، وَالْوَاقِعَةُ ، وَالْمُرْسَلاَتُ ، وَعَمَّ يَتَسَاءَلُونَ ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ.

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম ﷺ প্রকৃতিগতভাবে উৎকৃষ্ট স্বাস্থ্য ও শারীরিক শক্তির অধিকারী ছিলেন। বার্ধক্যের প্রভাব তাঁর শরীরে ও স্বাস্থ্যের উপর বিলম্বে প্রকাশ পাওয়া খুব স্বাভাবিক ছিল। কুরআনের উপরোল্লিখিত সূরাসমূহে আখিরাত ও আখিরাতে অবিশ্বাসীদের শাস্তির বিবরণ রয়েছে। এসব সূরা নবী করীম ﷺ-এর শরীরের উপর প্রভাব বিস্তার করেছিল। এসব সূরার অধ্যয়ন তাঁর মনে প্রবল আল্লাহ-ভীতির সৃষ্টি করত। যেহেতু মানুষের মনের সঙ্গে শরীরের সম্পর্ক রয়েছে, তাই তাঁর মানসিক অবস্থা তাঁর শরীরের উপর প্রভাব বিস্তার করেছিল। এই হাদীস থেকে বুঝা যায়, আল্লাহর ভয় ও পরকালের চিন্তায় নবী করীম ﷺ-এর মনের অবস্থা কিরূপ ছিল। বস্তুত ভয় ও চিন্তা মানুষকে দ্রুত বৃদ্ধ করে ফেলে। পবিত্র কুরআনেও একথা বলা হয়েছে যে, "কিয়ামতের দিন শিশুদের বৃদ্ধ করে ফেলবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)