আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯০৪
- বিবিধ প্রসঙ্গ।
অপরের বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনা করা।
৯০৪ । আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমি কি আমার মায়ের কাছে যেতেও তার অনুমতি চাইবো? তিনি বলেনঃ হ্যাঁ । সে বললো, আমি যদি একই ঘরে তার সাথে একত্রে বসবাস করি? তিনি বলেনঃ “তবুও তার কাছে অনুমতি চাইবে।” সে বললো, আমি তার খেদমত করে থাকি । রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তুমি কি তোমার মাকে অনাবৃত অবস্থায় দেখা পছন্দ করবে?” সে বললো, না। তিনি বলেনঃ “তবে তার কাছেও অনুমতি নিয়ে প্রবেশ করো”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। অনুমতি নিয়ে ভিতর বাড়িতে প্রবেশ করা উতি উত্তম। প্রত্যেক ব্যক্তিরই অপর ব্যক্তির কাছে তার অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত।**
الابواب الجامعة
بَابُ: الاسْتِئْذَانِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ، قَالَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» ، قَالَ: إِنِّي أَخْدُمُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لا، قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الاسْتِئْذَانُ حَسَنٌ، وَيَنْبَغِي أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ عَلَى كُلِّ مَنْ يَحْرُمُ عَلَيْهِ النَّظَرُ إِلَى عَوْرَتِهِ وَنَحْوِهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

** অন্য লোকের বাড়ীতে, এমনকি আপনজনদের কাছেও অনুমতি নিয়ে প্রবেশ করা ইসলামী শিষ্টাচার ও সভ্যতা-ভব্যতার অংশ। এ সম্পর্কে মহান আল্লাহ বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ * فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

“হে ঈমানদারগণ! তোমরা অপরের ঘরে তাদের অনুমতি না পাওয়া পর্যন্ত এবং তাদের সালাম না দেয়া পর্যন্ত প্রবেশ করো না। এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর। আশা করা যায় তোমরা এর প্রতি খেয়াল রাখবে। তোমরা সেখানে যদি কাউকে পাও, তবে ঘরে প্রবেশ করো না, যতোক্ষণ পর্যন্ত তোমাদের অনুমতি না দেয়া হবে। আর যদি তোমাদের বলা হয়, ফিরে যাও, তবে তোমরা ফিরে যাও। এটা তোমাদের জন্য পবিত্রতম কর্মনীতি। তোমরা যা কিছু করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন" (সূরা নূরঃ ২৭, ২৮)।
অবশ্য কারো ঘরে কোন আকস্মিক বিপদ দেখা দিলে তখন অনুমতি নেয়ার এই নির্দেশ প্রযোজ্য নয়। যেমন কারো বাড়িতে যদি আগুন লেগে যায় অথবা চোর-ডাকাত ঢুকে পড়ে ইত্যাদি। নিজেদের সন্তানদের অনুমতি প্রার্থনা সম্পর্কে বলা হয়েছেঃ

وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُواْ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ

“আর তোমাদের শিশুরা যখন বুদ্ধির পরিপক্কতায় পৌছে যাবে, তখন তারা যেন (পিতা-মাতার প্রকোষ্ঠে) তেমনিভাবে অনুমতি নিয়ে প্রবেশ করে যেমন তাদের বড়োরা অনুমতি নিয়ে এসে থাকে (সূরা নূরঃ ৫৯)।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, “নিজেদের মা-বোনদের নিকট প্রবেশ করতে হলেও তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করো” (তাফসীরে ইবনে কাছীর)। তিনি এপর্যন্ত বলেছেন যে, “নিজের ঘরে নিজ স্ত্রীর নিকট প্রবেশ করার সময়ও অন্তত গলা খাঁকারি দিয়ে প্রবেশ করা উচিৎ। তার স্ত্রী যয়নব (রা) বলেন, তিনি যখনই ঘরে আসতে থাকতেন, তখন পূর্বেই এমন কিছু শব্দ করতেন, যার সাহায্যে তার আগমন টের পাওয়া যেতো। হঠাৎ করে ঘরে প্রবেশ করা তিনি পছন্দ করতেন না” (তাফসীরে ইবনে জারীর তাবারী) (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান